কলকাতার পর চেন্নাইয়ের হার
টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে কলকাতা নাইট রাইডার্সের পর হার দিয়ে শুরু করেছে আইপিএলের আরেক দল চেন্নাই সুপার কিংস। ১৪ রানের জয় দিয়ে শুরুটা ভালোভাবেই করেছে অস্ট্রেলিয়ার দল সিডনি সিক্সার্স। জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের ইনিংস শেষ হয় ১৭১ রানে। সিডনির পক্ষে তিনটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক মোইসেস হেনরিকে। ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার মুরলি বিজয়ের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলেন আরেক ওপেনার মাইক হাসি ও ডু প্লেসিস। অষ্টম ওভারে এই জুটি ভাঙেন প্যাট কামিন্স। ২৫ বলে ৪৩ রান করে ফিরে যান ডু প্লেসিস। চতুর্থ উইকেটে ৫৫ রানের ঝোড়ো জুটি গড়ে জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন সুরেশ রায়না ও বদ্রিনাথ। কিন্তু টানা দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকেই সাজঘরে পাঠিয়ে সিডনির জয়টা নিশ্চিত করে ফেলেন হেনরিকে। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে ফিরে যান সুরেশ রায়না। ১৭ ওভার পরে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪২ রান। এরপর দলকে জয় এনে দেওয়ার মতো ভালো কোনো ইনিংস খেলতে পারেননি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শেন ওয়াটসন ও মোইসেস হেনরিকের ভালো ব্যাটিংয়ের সুবাদে স্কোরবোর্ডে ১৮৫ রান যোগ করে সিডনি সিক্সার্স। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন ওয়াটসন। আর শেষ পর্যায়ে ২৩ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হেনরিকে। চেন্নাইয়ের পক্ষে দুটি উইকেট পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।