কলকাতার হার
ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে আজ মঙ্গলবার ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৭ রান তোলে পাঞ্জাব। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করতে সক্ষম হয় কলকাতা।কলকাতার বিপক্ষে জয়ের সুবাদে ৪ ম্যাচে পাঞ্জাবের অর্জন ৪ পয়েন্ট। অন্যদিকে পাঁচ ম্যাচে কলকাতার পয়েন্ট ৪। আর ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে আছে মুম্বাই ইন্ডিয়ানস।এ ম্যাচের পাঞ্জাবের জয়ের নায়ক মানপ্রীত গনি। তাঁর ১৮ বলে ঝোড়ো ৪২ রানের ইনিংসটা না থাকলে দলের সংগ্রহটা বোধ হয় দেড় শর ঘরই স্পর্শ করত না। গনি ছাড়া ব্যাট হাতে সফল ছিলেন কেবল মানদীপ সিং। ৩০ বলে ৪১ রান করেন তিনি। কলকাতার হয়ে জ্যাক ক্যালিস ও সুনীল নারইন প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন সাচিত্র সেনানায়েকে।১৫৮ রানের লক্ষ্য টি-টোয়েন্টির লড়াইয়ে মোটেই কঠিন কিছু নয়। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় এ লক্ষ্যতেও পৌঁছাতে পারেনি কলকাতা। বলার মতো লড়েছেন কেবল গৌতম গম্ভীর ও এউইন মরগান। অধিনায়ক গম্ভীর করেন ৬০ রান। মরগানের সংগ্রহ ৪৭ রান। বাকিরা বলতে গেলে কেবল ক্রিজে আসা-যাওয়া করেছেন। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আজহার মাহমুদ। দুটি করে উইকেট নেন প্রাভিন কুমার ও পারবিন্দর আওয়ানা। সূত্র: ক্রিকইনফো।