কলকাতায় আজ জামালের উৎসব?

ট্রফিটা নিয়েই ঢাকার বিমানে উঠতে চান যোসেফ আপুসি। শেখ জামাল ধানমন্ডির কোচ এবং তাঁর ব্রিগেডের সেই স্বপ্নপূরণের অপেক্ষায় আইএফএ শিল্ডের শেষ মঞ্চ।
বাংলাদেশের হাহাকারের ফুটবল-সংসারে হঠাৎই একটা প্রাপ্তির হাতছানি। কলকাতা মোহামেডানের শেষ বাধাই কেবল সামনে। আজ সেটি পার হতে পারলে দুই বাংলার অলিখিত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পতাকা ওড়াবে এপার বাংলা।
সেই সম্ভাবনাই বেশি। মোহনবাগানকে গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে হারিয়ে ওঠা সেমিফাইনালে, সেখানে ইস্ট বেঙ্গলকে গুঁড়িয়ে দেওয়া ৩-০ ব্যবধানে। মোহনবাগান-ইস্ট বেঙ্গলের চেয়ে মোহামেডান কাগজে-কলমে পিছিয়ে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু ম্যাচে শেখ জামালই আজ ফেবারিট।
গ্রুপ পর্বে অবশ্য এই কলকাতা মোহামেডানের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরেছে শেখ জামাল (২-১)। সেই ম্যাচের পর ঘুরে দাঁড়ানো আপুসির দল পরের তিন ম্যাচই শুধু জেতেনি, মন কেড়েছে নগরের ফুটবল অনুরাগীদের। ইস্ট বেঙ্গলের বিপক্ষে জয় তো বাংলাদেশের ফুটবলকে চিনিয়েছে নতুন করে। কলকাতার এই পরাশক্তি শেখ জামালের কাছে খাবি খেয়েছে স্কিল, গতি আর ফিটনেসে। অসহায় আত্মসমর্পণ যাকে বলে!
সনি নর্দে, ওয়েডসন ও এমেকা ত্রিফলা কলকাতার দুই প্রধানের রক্ষণকে করেছে ছত্রখান। আপুসির ৪-৩-৩ আক্রমণাত্মক ছকের কোনো জবাব দিতে পারেননি মোহন-ইস্ট বেঙ্গল কোচরা। আজ মোহামেডান কোচ সঞ্জয় সেন দিতে পারবেন? ম্যাচের আগে মোহামেডান কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচ হারলেও শেখ জামাল যে খুব ভালো দল আমার এ কথা কেউ বিশ্বাস করেনি। কিন্তু দারুণ ফুটবল খেলে মোহনবাগান-ইস্ট বেঙ্গলের মতো দলকে হারিয়ে আমার কথাই সত্য প্রমাণ করেছে ওরা। কাজেই শেখ জামালকে কঠিন প্রতিপক্ষ ভেবেই আমরা মাঠে নামব।’
মোহামেডান মূলত লম্বা বলেই খেলতে অভ্যস্ত। শেখ জামাল বেশির ভাগ সময় খেলাটা তৈরি করে ছোট ছোট পাসে। তবে আজ ম্যাচের পরিস্থিতির ওপর চোখ রেখে কৌশল বদলাতে পারেন শেখ জামাল কোচ। ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাইব। তবে ম্যাচের অবস্থা বুঝে যা করণীয় করব’—কলকাতা থেকে ফোনে বলছিলেন আপুসি।
লড়াইটা আরেক দিক দিয়ে স্থানীয় আবেগের বিপক্ষে জামালের শক্তিরও। তবে ১১৮তম আইএফএ শিল্ড শেখ জামালকে একাই জেতাতে পারেন সনি নর্দে। দুর্দান্ত ড্রিবলিং আর দর্শনীয় সব গোল করে যিনি আলো কেড়েছেন নিজের ওপর। হাইতিয়ান ফরোয়ার্ড এবং তাঁর স্বদেশি ওয়েডসন তিনটি করে গোল করে মোহামেডানকে চোখ রাঙাচ্ছেন ভালোই। এমেকা ডার্লিংটনের গোল দুটি। এঁদের পেছনে থেকে মাঝমাঠে বল জোগানে বড় ভূমিকা রাখছেন অধিনায়ক মামুনুল। মোহামেডান অনেকটা তাকিয়ে থাকবে ভারতীয় জাতীয় দলের মিডফিল্ডার রহিম নবীর দিকে। ফরোয়ার্ড অসীম বিশ্বাসকে পাওয়া যাচ্ছে আজ। গ্রুপ পর্বে শেখ জামালের বিপক্ষে জয়সূচক গোল করা জেসিমারও তাদের একটা অস্ত্র। এই খেলোয়াড়দের কড়া পাহারায় রাখতে চাইবে শেখ জামাল।
তাতে সফলতা এলে এই প্রথম আইএফএ শিল্ড ঘরে আনবে বাংলাদেশের কোনো ক্লাব। এই টুর্নামেন্টেই এর আগে মোহামেডান ফাইনালে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছিল ১৯৯৫ সালে। আবাহনীর চার্মস কাপ, নাগজি ট্রফি, আবাহনী ও ব্রাদার্সের বরদুলই ট্রফি বা মোহামেডানের এয়ার লাইন্স কাপ, মুক্তিযোদ্ধার ম্যাগডাওয়েল কাপ জয়ের মহিমার চেয়ে আইএফএ শিল্ডের নামটা বেশি।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ আবার কলকাতা যাচ্ছেন দলকে উৎসাহ দিতে। উৎসাহিত তিনি নিজেও, ‘ইস্ট বেঙ্গলের বিপক্ষে যে ফুটবল খেলেছে শেখ জামাল, গত ১৫-২০ বছরে বাংলাদেশের কোনো ক্লাব এত ভালো ফুটবল খেলেনি।’ এই ‘ভালো খেলার’ পেছনে বড় অবদান রাখা শেখ জামাল সভাপতি মনজুর কাদের ফাইনাল জিতলে দলকে বোনাস দেবেন ২৫ হাজার ডলার। আগের দুই ম্যাচ জেতার পর যে অঙ্কটা ছিল ২০ হাজার ডলার।
আইএফএ শিল্ড জয়ের গৌরব অবশ্য টাকায় মাপা যাবে না। গৌরব কেনা যায় না, অর্জন করতে হয়। শেখ জামাল সেই অর্জনেরই অপেক্ষায়।