কলকাতায় আজ মাঠে নামছেন মেসি
কলকাতা বিমানবন্দরে পা রাখার পরই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজারও কলকাতাবাসী। অনুশীলনেও তাঁকে একনজর দেখার জন্য অধীর হয়ে ছিল কলকাতার এই ফুটবল ভক্তরা। কিন্তু তাদের সেই প্রচেষ্টা খুব বেশি সফল হয়নি। তবে শেষ পর্যন্ত আজ শুক্রবারই অবসান ঘটতে চলেছে এই মেসি জাদু দেখার অপেক্ষার। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আজই ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ফিফার এই বর্ষ সেরা ফুটবলার। পুরো স্টেডিয়ামই যে দর্শকেরা কানায় কানায় পূর্ণ করে রাখবে, এটা সহজেই অনুমান করা যায়।আজকের এই ম্যাচটি দিয়ে নিজের নতুন কোচিং ক্যারিয়ারও শুরু করতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা। আর্জেন্টিনার শিরোপা খরা ঘোচানোর মিশন শুরু হবে আজকের এই ম্যাচটি দিয়েই। গত জুলাইয়ে সার্জিও বাতিস্তা কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরই নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবেলা।গত জুলাইয়ে স্বাগতিক হিসেবে কোপা আমেরিকা জয়ের সুযোগটি মোটেই কাজে লাগাতে পারেনি মেসির আর্জেন্টিনা। আজকে ভেনেজুয়েলার বিপক্ষে এ প্রীতি ম্যাচটি দিয়ে আগামীবারের বিশ্বকাপ শিরোপা জয়ের নতুন মিশনই শুরু করতে যাচ্ছে দুবারের বিশ্বকাপজয়ীরা। টাইমস অব ইন্ডিয়া।