কলকাতায় খেলা না হওয়ায় ইংলিশ ক্রিকেটারদের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ না হওয়ায় আগামী ২৭ ফেব্রুয়ারি ভারত ও ইংল্যান্ডের মধ্যকার খেলা কলকাতা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচটি ইডেন গার্ডেনে না হওয়ায় যারপরনাই হতাশ হয়েছে কলকাতাবাসী। স্থানীয় আয়োজকেরা স্টেডিয়ামের কাজ শেষ করতে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত সময় দেওয়ার জন্য আইসিসির কাছে অনুরোধও করেছেন। শেষ পর্যন্ত আইসিসি এই অনুরোধে সাড়া দেবে কি না, তা এখনো বলা যাচ্ছে না। তবে আইসিসির এই সিদ্ধান্তে শুধু কলকাতাবাসীই নয়, হতাশ হয়েছেন খোদ ইংল্যান্ডের ক্রিকেটাররাও।ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড তাঁর টুইটার পেজে লিখেছেন, ‘ইডেন গার্ডেন বিশ্বকাপের জন্য প্রস্তুত না হওয়ায় খুবই খারাপ লাগছে। এক লাখ দর্শকের সামনে ভারতের বিপক্ষে আমাদের ম্যাচটা নিয়ে আমি আলাদাভাবেই চিন্তা করেছিলাম।’আরেক পেসার ক্রিস ট্রেমলেট ইংল্যান্ডের বিশ্বকাপের চূড়ান্ত দলেই জায়গা পাননি। তার পরও তিনি গলা মিলিয়েছেন ব্রডের সঙ্গে। বলেছেন, ‘এটা অবশ্যই ভালো হয়নি। আমার মনে হয়, এর আগেও অনেক বড় প্রতিযোগিতার প্রস্তুতি সেখানকার আয়োজকেরা শেষ মুহূর্তেই সম্পন্ন করেছেন। আমি নিশ্চিত, তাঁরা কোনো একটা উপায়ে এটা করেই ফেলতেন। কিন্তু এটা খুবই লজ্জাজনক, কারণ অনেক মানুষ নিশ্চয়ই এই খেলাটা দেখার জন্য ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন, অনেক টাকা খরচ করেছেন।’