কলকাতায় পারলেন না সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ মাঠ ইডেন গার্ডেনে সৌরভ গাঙ্গুলি খেলতে এসেছিলেন অতিথি দলের সদস্য হিসেবে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে হয়তো দিনটা অন্যভাবেই স্মরণীয় হয়ে থাকত দাদার আইপিএল ক্যারিয়ারে। ৩৬ রানের লড়াকু এক ইনিংস খেলে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত পারলেন না পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। জয় হলো কলকাতারই। পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৭ রানের এই জয়ের পর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে শিরোপা জয়ের আশা প্রায় শেষই হয়ে এসেছে পুনে ওয়ারিয়র্সের। মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। আইপিএলের দুই বাংলাদেশি তারকা সাকিব ও তামিম আজও ছিলেন মাঠের বাইরে।জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি পুনে ওয়ারিয়র্স। দ্বিতীয় ওভারেই ওপেনার মাইকেল ক্লার্কের উইকেট হারায় তারা। শুরুর দিকের সব ব্যাটসম্যানই হতাশ করেছেন পুনে সমর্থকদের। মাত্র ৫৫ রানেই ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন সৌরভ গাঙ্গুলি ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ষষ্ঠ উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু ১৮তম ওভারে অধিনায়ক গাঙ্গুলি বিদায় নেওয়ার পর জয়ের আশা ক্ষীণ হয়ে আসে। পরের ওভারে ম্যাথুসও সাজঘরে ফিরলে হার প্রায় নিশ্চিতই হয়ে যায় পুনের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে শেষ হয় পুনের ইনিংস।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী জুটিতেই ১১৩ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন দুই ওপেনার গৌতম গম্ভীর ও ব্রেন্ডন ম্যাককালাম। ৩৬ বলে ৫৬ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন অধিনায়ক গম্ভীর। ম্যাককালামের ব্যাট থেকে এসেছে ৪২ রান। এরপর আর কোনো বড় জুটি গড়ে তুলতে না পারলেও শেষ পর্যায়ে দেবব্রত দাসের ১৫ রানের হার না-মানা ইনিংসটির সুবাদে স্কোর বোর্ডে ১৫০ রান জমা করে কলকাতা। পুনে ওয়ারিয়র্সের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও অ্যাঞ্জেলো ম্যাথুস।