কলকাতায় সাকিবকে খেলানোর দাবি
তিনি এশিয়া কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট। তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানকে নিয়ে যে ওপরের লাইন দুটো লেখা হলো—তা বোধ করি কাউকেই বলে দেওয়ার নেই। কিন্তু সাকিবের এই পরিচয় যেন ভুলে থাকতেই চাইলেন আইপিএলের কলকাতার ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্সের থিংক ট্যাংকরা। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসের কাছে পরাজয় মেনে নিতে হলো বিশ্বসেরা অলরাউন্ডারকে ডাগ আউটে বসিয়ে রেখেই। তাঁর বদলে খেললেন ডি ল্যাঙ্গে নামের এক প্রোটিয়া পেসার। যিনি ইডেনের সেই ম্যাচে ছিলেন সবচেয়ে খরচে বোলার। সাকিবকে কেন খেলানো হলো না—এই প্রশ্নের আসলে জবাব নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর যুত্সই কোনো জবাব দিতেও পারলেন না। আমতা, আমতা করে কেবল বললেন, দিল্লির বিপক্ষে ম্যাচে নাকি সেরা একাদশই বেছে নেওয়া হয়েছে। অথচ সেই ‘সেরা’ একাদশে বিশ্বসেরা অলরাউন্ডার নেই!তবে পরের ম্যাচ থেকে সাকিব আল হাসানকে খেলানোর দাবিটা এখন খুব উচ্চকণ্ঠ। কলকাতার সংবাদমাধ্যমগুলোও জোরেশোরেই আওয়াজ তুলেছে পরের ম্যাচে সাকিবকে খেলানোর।কলকাতার আনন্দবাজার পত্রিকাতেও আজ শনিবার এ বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদকের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা নাইট রাইডার্সের অনেক খেলোয়াড়ই বলেছেন, ‘সাকিবকে না খেলানোটা ছিল টিম ম্যানেজমেন্টের বিরাট ভুল।’ কেউ কেউ বলেছেন, ‘যে খেলোয়াড়টি সদ্য সমাপ্ত এশিয়া কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট, সে কীভাবে মাঠের বাইরে থাকে!’সাকিবকে মাঠে না নামানোয় ক্ষোভ প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটার বলেছেন, ‘গত আইপিএলেও সাকিব ঠিক এভাবেই ভুগেছিল। ভালো খেলে প্রথম একাদশে জায়গা হচ্ছিল না ওর। এবারও প্রথম ম্যাচে জায়গা হলো না। ঘুরে দাঁড়াতে হলে রাজস্থানের বিপক্ষে ম্যাচে সাকিবকে অবশ্যই খেলানো উচিত।’