আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া গত পরশুর ‘লজ্জা’টা তো মুছে ফেলা যাবে না। তবে পুরো আয়ারল্যান্ড সফরকে একটা ‘কেলেঙ্কারি’তে পরিণত হওয়া থেকে রক্ষা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শফিউল ইসলাম ক্যারিয়ার-সেরা বোলিং করে আর তামিম ইকবালের ৭৪ রানের ইনিংস খেলে অবতীর্ণ হয়েছেন ‘রক্ষাকর্তা’র ভূমিকায়। এই দুজনের অগ্রণী ভূমিকায় কাল বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ। আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারাও বাংলাদেশের জন্য স্বস্তির ব্যাপার হলো! বাংলাদেশ কাল একজন পেসার কমিয়ে বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলেছে। দুই পেসার রুবেল হোসেন ও সৈয়দ রাসেলকে সরিয়ে একাদশে ঢুকেছিলেন শফিউল ও ফয়সাল হোসেন। ম্যাচসেরা শফিউল রান একটু বেশিই খরচ করে ফেলেছেন, তার পরও ৫৯ রানে ৪ উইকেট তাঁর ক্যারিয়ার-সেরা।আয়ারল্যান্ডের ইনিংসের বলার মতো রান আছে একজনের—গ্যারি উইলসন। বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য নেমে এল ৪৬ ওভারে। ৬২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর নেমে ৬৪ বলে ৬০ রান করলেন উইলসন। আইরিশরা ৯ উইকেটে ১৮৯ রান তুলতে পারল শেষ পর্যন্ত। বড় স্কোর নয়। তবে প্রতিপক্ষ দলটা আয়ারল্যান্ড বলে একটু চিন্তার ব্যাপার ছিল। বাংলাদেশকে তো ভালোই বিপাকে ফেলেছে তারা এর আগে। এদিন সব চিন্তা দূর করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলেন তামিম। দলীয় ১০ রানে ইমরুল কায়েস ও ৪১ রানে জুনায়েদ সিদ্দিক আউট হওয়ার পর জহুরুল ইসলামকে নিয়ে হাল ধরলেন চট্টগ্রামের তরুণ।তৃতীয় উইকেট তামিম-জহুরুলের অবদান ৮৪ রান। ৫১ বলে ৩৪ রান করে জহুরুল আউট হওয়ার পর মনে হচ্ছিল, বাকি পথটা তামিম আর সাকিবই পার করে ফেলবেন। একটা সময় ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিটাও দেখতে পাচ্ছিলেন তামিম। কিন্তু সাকিব বোলারদের ওপর চড়াও হওয়ায় তামিমের সেঞ্চুরি করার মতো যথেষ্ট রানই আর অবশিষ্ট ছিল না। ৯১ বলে ছয়টি চার ও একটি ছয়ে সাজিয়ে ৭৪ রানে থামলেন এই ওপেনার। ডকরেলের বলে মুনির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তামিম। তামিম যেখানে দলকে রেখে গিয়েছিলেন, জয়ের বাকি পথটুকু পাড়ি দিতে বাংলাদেশের আর কোনো চিন্তাই করতে হয়নি। সাকিব ৩৩ আর মুশফিক ১৩ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। বাংলাদেশের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন বোলাররা। বৃষ্টির ছোঁয়া পাওয়া উইকেটে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে একটু বিস্মিত করলেন বৈকি! পঞ্চম ওভারের তৃতীয় বলে পোর্টারফিল্ডকে দিয়েই শুরু হয়েছিল আয়ারল্যান্ডের উইকেট হারানো। মাশরাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জহুরুল ইসলামকে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। ২২তম ওভারের প্রথম বলে পড়ল আয়ারল্যান্ডের পঞ্চম উইকেট। স্কোরবোর্ডে তখন মাত্র ৬২ রান। এখান থেকেই অ্যান্ড্রু হোয়াইটকে নিয়ে লড়াইটা শুরু করলেন উইলসন। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করে যান ৪৪ রান। হোয়াইটকে আউট করে জুটিটা ভাঙলেন ফয়সাল হোসেন। উইলসনের লড়াইটা এরপরও চলল, এবার সঙ্গী জন মুনি। সপ্তম উইকেট জুটিতে মাত্র ৭.২ ওভারে ৬২ রান, ওভারপ্রতি রান উঠল ৮.৪৫ করে। শফিউলের তৃতীয় শিকার হিসেবে আউট হওয়ার আগে ২৬ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন মুনি। সাবেক অধিনায়ক ট্রেন্ট জনস্টনকে আউট করে ওয়ানডে ক্যারিয়ার-সেরা বোলিং করে ফেললেন শফিউল।১৪ ওয়ানডের ক্যারিয়ারে এর আগেও একবার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন শফিউল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে নিজের তৃতীয় ওয়ানডেতে সেই ৪ উইকেট নিতে খরচ করেছিলেন ৬৮ রান। তথ্যসূত্র: ক্রিকইনফো।