পেছনে ২০১০ বিশ্বকাপের কলঙ্ক। সামনে সেরা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামার কঠিন বাস্তবতা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম আছেন মহা চাপে। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য একটু স্বস্তির, টুর্নামেন্টের শুরুতেই পাচ্ছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আজ পোর্তো আলেগ্রেতে তাদের প্রতিপক্ষ কনক্যাকাফ অঞ্চলের দেশ হন্ডুরাস।
২০১০ বিশ্বকাপে কোচের বিরুদ্ধে খেলোয়াড়দের বিদ্রোহের ঘটনা ফ্রান্সকে শুধু গ্রুপপর্ব থেকেই বিদায়ের লজ্জায় ডোবায়নি, তাদের ফুটবল ইতিহাসকেই করেছে কলঙ্কিত। এটির পুনরাবৃত্তি এড়াতে দেশম সামির নাসরির মতো খেলোয়াড়কে উপেক্ষা করেছেন। নাসরিকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যায় ফ্রান্স কোচ বলেছিলেন, ‘হয়তো ফ্রান্সের সেরা খেলোয়াড়দের নিতে পারিনি, তবে আমি সেরা একটা দল বেছে নিয়েছি।’ কিন্তু চোট তাঁর সেরা অস্ত্রটিকেই কেড়ে নিয়েছে। ফ্রাঙ্ক রিবেরির স্বপ্নভঙ্গের ঘটনায় দেশমকে হয়তো ট্যাকটিকসই বদলাতে হবে । দেশম পারবেন রিবেরিবিহীন তরুণ দলটিকে নিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছাতে?
এমনিতে বিশ্বকাপে সহজ দল বলে কিছু নেই। তবে ইতিহাস হন্ডুরাসকে ‘পুঁচকে’ খেতাবই দিচ্ছে। মধ্য আমেরিকার দেশটি এর আগে বিশ্বকাপ খেলেছে মাত্র দুবার—১৯৮২ বিশ্বকাপের পর ২০১০ দক্ষিণ আফ্রিকায় । গ্রুপপর্ব পেরোনো দূরে থাক, হন্ডুরাস কোনো ম্যাচই জিততে পারেনি। ছয় ম্যাচের তিনটিতে ড্র, তিনটিতে হার। তবে মেক্সিকোর মতো দলকে টপকে সরাসরি বাছাইপর্ব পেরিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করে নেওয়াই হন্ডুরান ফুটবলের নতুন বিজ্ঞাপন । টুর্নামেন্টটি প্রতিবেশী মহাদেশে বলে বাড়তি সুবিধাও পাবে। তার পরও ফ্রান্সের সামনে কী আর বাধা হবে তারা! যদিও নেতিবাচক ইতিহাস সঙ্গী থাকবে ফ্রান্সের। বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বশেষ ৯ ম্যাচের মাত্র একটিতে জিতেছে ’৯৮-এর চ্যাম্পিয়নরা!
এসব নেতিবাচক খবর পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে ফরাসিদের আগে দরকার দলীয় সংহতি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কথা মাথায় রেখে স্ট্রাইকার অলিভিয়ের জিরুও বললেন সেটাই, ‘ফ্রান্সের মানুষ ওই ঘটনা এখনো ভুলতে পারেনি। আমরা তাদের দেখাতে চাই, বিশ্বকাপে আমরা আমাদের পতাকাকে উঁচুতে তুলে ধরতে পারি।’ এএফপি।

চোখ রাখুন
মুখোমুখি ফ্রান্স–হন্ডুরাস
পল পগবা
জিনেদিন জিদানের চোখে তিনি ভবিষ্যৎ তারকা। ইতালি কোচ সিজারে প্রানদেল্লির বিচারে ২১ বছর বয়সী খেলোয়াড় ‘বিশ্বের সেরা মিডফিল্ডার।’ জুভেন্টাসের হয়ে নজরকাড়া পল পগবার সামনে সুযোগ এবার প্রথম বিশ্বকাপেই আলো ছড়ানোর।
ইজাগুইরে
সেল্টিকের ২৮ বছর বয়সী লেফটব্যাক এমিলিও ইজাগুইরে হয়ে উঠেছেন হন্ডুরাস জাতীয় দলের প্রতীক। সেল্টিকে রক্ষণ সামলানোই মূল কাজ হলেও দেশের জার্সি গায়ে ভূমিকা রাখেন আক্রমণ গড়ে তুলতে। আজ ফ্রান্সের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন তিনিই।