কলঙ্কিতই থাকলেন আসিফ
কারাদণ্ড হয়েছিল এক বছরের। অর্ধেক সাজা খেটে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তিও পেয়েছেন। এর পরও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন মোহাম্মদ আসিফ। তবে আপিলে হেরে গেছেন নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি এই ফাস্ট বোলার।ক্রিকইনফো জানায়, আসিফের আপিলে হেরে যাওয়ার খবরটি গতকাল বুধবার নিশ্চিত করেছেন লন্ডনে নিযুক্ত তাঁর আইনজীবী রবি সুকুল। তিনি জানান, আপিল বিভাগের তিন বিচারক আসিফের আপিল খারিজ করে দিয়েছেন। এর কারণ হিসেবে বিচারকেরা বলেছেন, আপিল আবেদনে সাড়া দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ তাঁরা খুঁজে পাননি।সাজা খেটে মুক্তি পাওয়ার পরও কেন আপিল করেছিলেন আসিফ? প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে। রবি সুকুল জানালেন, আপিলের উদ্দেশ্য ছিল অন্য। আপিলে সফল হলে আইসিসির দেওয়া সাত বছরের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার পথ সুগম হবে—এমন ভাবনা থেকেই আপিলটি করা হয়েছিল।২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে ১০ বছর, আসিফকে সাত বছর ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে ২০১১ সালের নভেম্বরে বাটকে আড়াই বছর, আসিফকে এক বছর এবং আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। কারাগারে ভালো আচরণ করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে যুক্তরাজ্যে। ওই আইনের কল্যাণে অর্ধেক সাজা খাটার পর মুক্তি পান আমির, আসিফ ও বাট। ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের ঘটনা এটাই প্রথম। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আপিল করেছিলেন বাট ও আসিফ। তবে গত ১৭ এপ্রিল তা খারিজ করে দেন সুইজারল্যান্ডে অবস্থিত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। মোহাম্মদ আমির দোষ স্বীকার করে নিয়ে আপিল থেকে বিরত থাকেন।