ফ্যালকাওবিহীন কলম্বিয়াকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল অনেকেই। সেই কলম্বিয়াই সবাইকে চমকে দিল এই বিশ্বকাপে। পরশু জাপানকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে মূল একাদশের আটজন ছিলেন বিশ্রামে! আগের চারবারের বিশ্বকাপ মিলিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছিল ‘লস ক্যাফেতেরস’রা । এবার কিনা তিনে তিন! জাপান, গ্রিস, আইভরিকোস্টকে নিয়ে গড়া গ্রুপ থেকে তিনটি জয় পেয়েই এত মাতামাতি—সমালোচকদের মনে সংশয় থাকতেই পারে। তবে কোচ হোসে পেকারম্যানের কথাতেই মিলবে এর উত্তর, ‘আমার খেলোয়াড়েরা জানত, তাদের গতিময় খেলা খেলতে হবে। ছোট ব্যাপারগুলোর দিকেই বেশি মনোযোগ দিতে হবে। খেলতে হবে একটি দল হয়ে।’ কাজগুলো তো দারুণভাবেই করেছেন তাঁর ছাত্ররা!
১৯৯০ বিশ্বকাপে সর্বশেষ দ্বিতীয় রাউন্ডে পা রাখা কলম্বিয়া দলটির ছিল কার্লোস ভালদেরামা, রেনে হিগুইতার মতো তারকারা। কিন্তু এই দলটির এমন তারকা কই? অবশ্য জেমস রদ্রিগেজ যে ‘শো’ দেখাচ্ছেন, তাতে কোনো তারকার অভাব অনুভূত হওয়ার কথা নয় কলম্বিয়ার। সাংবাদিকেরা তো কোচ হোসে পেকারম্যানকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই দলটিই কলম্বিয়ার সর্বকালের সেরা দল কি না। তাতে হোসে পেকারম্যানের সতর্ক প্রতিক্রিয়া, ‘মানুষ ওই সময়ের কথা মনে রাখে। কারণ সেটা ছিল অসাধারণ, দারুণ, বিশেষ কিছু। ওই সাফল্য প্রমাণ করেছিল কলম্বিয়ার পক্ষেও কিছু করা সম্ভব। আর আমাদের দল দীর্ঘদিন পর বিশ্বকাপে খেলছে। ভালোও খেলছে। তবে উন্নতির জায়গাও আছে। আরও বেশি পরিশ্রম করতে হবে।’ এএফপি।