কলম্বিয়া-জয়ে মেসিদের স্বস্তি
জয়ে ফেরার চাপ ছিল। ভয় ছিল বারাঙ্কিলার তাপমাত্রাকেও। দুটোকেই জয় করেছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি আর সার্জিও আগুয়েরোর গোলে পরশু কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।আর্জেন্টিনার হয়ে মেসির গোল করাটা অবশ্যই বড় ব্যাপার। তবে শুধু গোল নয়, ৪০ ডিগ্রি তাপমাত্রায় দগ্ধ ম্যাচে বার্সেলোনার মেসি যেন অনেকটাই ফিরে এসেছিলেন আর্জেন্টিনার জার্সিতে।অবশ্য এ ম্যাচের প্রথমার্ধটাও হতাশায় কেটেছে আর্জেন্টিনার। বিরতির ঠিক আগের মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ডোরলান পাবন। তাঁর নেওয়া ফ্রি-কিক হাভিয়ের মাচেরানোর গায়ে লেগে দিক বদলে ঢুকে যায় জালে (১-০)। এ অবস্থায় মেসিদের জন্য দ্বিতীয়ার্ধ যেন অগ্নিপরীক্ষা হয়ে আসে।‘আমাদের আর কোনো পয়েন্ট হারানো চলবে না’—ভেনেজুয়েলার কাছে হারের পর আগের ম্যাচে বলিভিয়ার সঙ্গে ড্র করার পর বলেছিলেন মেসি। প্রতিজ্ঞাদীপ্ত এই মেসিকেই দ্বিতীয়ার্ধে বড় দায়িত্ব তুলে নিতে হয় কাঁধে। মেসি ও গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে আগুয়েরো যোগ দেওয়ায় আক্রমণের ধার বেড়ে যায় আর্জেন্টিনার। ৬০ মিনিটে ম্যাচে সমতা ফেরান মেসি। হোসে সসার নিচু ক্রস কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা রুখতে ব্যর্থ হলে আর্জেন্টাইন অধিনায়কের আলতো টোকায় বল জড়ায় জালে (১-১)। ২০১৪ বিশ্বকাপ বাছাইয়ে এটা বার্সেলোনা তারকার দ্বিতীয় গোল, আর্জেন্টিনার হয়ে ১৯তম। ৮৪ মিনিটে জয়সূচক গোল করেছেন আগুয়েরো। মেসির ক্রসে হিগুয়েইন দুর্দান্ত এক শট নিলেও অসপিনা তাতে হাত লাগিয়ে দেন। কিন্তু ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি ম্যারাডোনার জামাই (২-১)।সাবেলার জন্য জয়ের চেয়েও বড় প্রাপ্তি আর্জেন্টিনার জার্সিতে উজ্জ্বল এক মেসিকে পাওয়া। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ অধিনায়ককে ভাসিয়েছেন প্রশংসায়, ‘মেসিই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে, কারণ সে একের পর এক আক্রমণে এলোমেলো করে দিয়েছে প্রতিপক্ষ রক্ষণকে। দুটো বাজে ফলের পর এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ...আমাদের পিঠে ছিল দুঃসহ বোঝা।’কলম্বিয়ার কোচ লিওনেল আলভারেজও কৃতিত্ব দিয়েছেন মেসিকেই, ‘কোনো সন্দেহই নেই, মেসিই পার্থক্য গড়ে দিয়েছে।’ মেসির কথা, ‘সত্যটা হলো, এটা ছিল গুরুত্বপূর্ণ জয়। আমরা জানতাম, বলিভিয়ার ম্যাচের পর আমাদের ভাবমূর্তিটা খারাপ হয়ে গিয়েছিল।’ এএফপি, রয়টার্স।আর্জেন্টিনার মতো হতাশা পেছনে ফেলেছে চিলিও। আগের ম্যাচে উরুগুয়ের কাছে বিধ্বস্ত চিলি পরশু নিজেদের মাটিতে প্যারাগুয়েকে হারিয়েছে ২-০ গোলে। বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে ভেনেজুয়েলা পেয়েছে দ্বিতীয় জয়। ইকুয়েডর পেরুকে হারিয়েছে ২-০ গোলে। উরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনা, ভেনেজুয়েলারও এখন ৭ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় উরুগুয়েই শীর্ষে। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা একটি ম্যাচও কম খেলেছে।