কলম্বিয়ার উড়ন্ত সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন। দুর্দান্ত এক জয় দিয়েই উপলক্ষটা উদ্যাপন করল কলম্বিয়া। কাল বেলো হরিজন্তেয় ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সেরা জয়টাও তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকান দলটি। ১৯৬২ সালের পর বিশ্বকাপের এক ম্যাচে এই প্রথম ৩ গোলও পেল কলম্বিয়া।
ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই প্রথম গোলটি পেয়ে যায় কলম্বিয়া। ডিফেন্ডার পাবলো আরমেরোর শট এক গ্রিক খেলোয়াড়ের পায়ে লেগে সামান্য দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে। বিশ্বকাপে কলম্বিয়ার দ্রুততম এই গোলের পর একটু অন্য রকম উদ্যাপনই করেছে কলম্বিয়া। প্রথমার্ধে গোল এই একটিই। এরপর ৫৮ মিনিটে ফরোয়ার্ড তিওফিলো গুতিয়েরেজ এবং যোগ করা সময়ে ম্যান অব দ্য ম্যাচ জেমস রদ্রিগেজের গোলে ৩-০।
চোটের কারণে বিশ্বকাপের আগেই সবচেয়ে বড় তারকা রাদামেল ফ্যালকাওকে হারিয়ে ফেলা কলম্বিয়া পুরো ম্যাচেই খেলেছে দুর্দান্ত। গোলে দুর্দান্ত ডেভিড অসপিনা, জমাট রক্ষণভাগ, দ্রুতগতির আক্রমণ, পুরো ম্যাচেই গ্রিসের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ছিল ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে আসা কলম্বিয়া।