কলম্বিয়ার সঙ্গেও ড্র করল আর্জেন্টিনা
নিজ দেশের মাটিতে এবারের কোপা আমেরিকাটা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম দুই ম্যাচে তাদের পারফরমেন্স শুধু হতাশই করেছে সমর্থকদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে স্বাগতিকেরা।গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে আরও বড় অঘটন ঘটানোর সুযোগ ছিল কলম্বিয়ার সামনে। মোট চারবার তারা আর্জেন্টিনার জালে বল জড়ানোর মোক্ষম সুযোগ পেয়েছিল। কিন্তু প্রতিবারই অসাধারণ দক্ষতায় এই গোল-প্রচেষ্টাগুলো রুখে দিয়েছেন সার্জিও রোমেরো। ম্যাচ শেষে ম্যাচ-সেরার স্বীকৃতিও পেয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। কিন্তু তার পরও সমর্থকদের দুয়োধ্বনি থেকে রেহাই পাননি সার্জিও বাতিস্তার শিষ্যরা। সমর্থকদের এ আচরণ যে খুবই স্বাভাবিক তা খুব ভালোমতোই বুঝতে পারছেন আর্জেন্টিনার কোচ। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দুয়োধ্বনি শুনতে আমাদের ভালো লাগে না। কিন্তু সমর্থকদের এ আচরণ আমাদের মেনে নিতেই হবে। কারণ, তারা আমাদের জয়ী হিসেবেই দেখতে চায়।’ এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে অংশ নিলেও এখন প্রথম রাউন্ডের বাধা পেরোনোই কষ্টকর হয়ে উঠেছে আর্জেন্টিনার জন্য। বলিভিয়া যদি তাদের পরবর্তী খেলায় কোস্টারিকাকে হারাতে পারে তাহলে তৃতীয় স্থানে নেমে যাবে আর্জেন্টিনা। এখন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই মেসি-তেভেজদের সামনে। কোচ বাতিস্তা বলেছেন, ‘এখন আমাদের অনেক ধীরস্থীর হয়ে থাকতে হবে। কারণ, আমরা জানি যে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ওপরেই আমাদের সবকিছু নির্ভর করবে।’ ১২ জুলাই কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। রয়টার্স।