কলম্বো টেস্টে...
১৯তমবারের মতো দেড় শ বা এর চেয়ে বেশি রানের ইনিংস খেলে ব্রায়ান লারার বিশ্ব রেকর্ড ছুঁলেন শচীন টেন্ডুলকার। ১৮টি নিয়ে দুইয়ে এত দিন সঙ্গী ছিলেন স্যার ডন ব্র্যাডম্যানের। রায়না-টেন্ডুলকারের ২৫৬ রানের জুটি কোনো অভিষিক্ত নিয়ে গড়া ভারতের সবচেয়ে বড় জুটি। আগের রেকর্ডটিতেও ছিলেন টেন্ডুলকার, ২০০১ সালে ব্লুমফন্টেইনে অভিষিক্ত বীরেন্দর শেবাগকে নিয়ে গড়েছিলেন ২২০ রানের জুটি। রায়না-টেন্ডুলকারের ২৫৬ রানের জুটি পঞ্চম উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। টেন্ডুলকারের ২০৩ শ্রীলঙ্কার মাটিতে কোনো ভারতীয়র সর্বোচ্চ ইনিংস। পেছনে ফেলেছেন ২০০৮ সালে গলে শেবাগের ২০১-কে। শ্রীলঙ্কার বিপক্ষে টেন্ডুলকারের এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ছিল ১৪৮। টেন্ডুলকারের ২০৩ শ্রীলঙ্কার মাটিতে কোনো বিদেশির তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২৭৪ রান নিয়ে সবার আগে স্টিভেন ফ্লেমিং, ২২১ রানের ইনিংস আছে লারার। ৬৪ ওভার বোলিং করেছেন সুরাজ রণদিভ, অভিষেকে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ড। ১৯৯৯ সালে ঢাকায় ৪৭.৫ ওভার বোলিং করেছিলেন উপুল চন্দনা। রণদিভের দেওয়া ২১২ রান শ্রীলঙ্কার হয়ে অভিষেকে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। খুব কাছাকাছি চলে এসেছেন বিশ্ব রেকর্ডেরও, যেটির মালিক ২০০৮ সালে ভারতের বিপক্ষে ২১৫ রান দেওয়া জেসন ক্রেইজা। এখনো ইনিংস ঘোষণা করেনি ভারত, কিন্তু এখনই গড়ে ফেলেছে শ্রীলঙ্কার মাটিতে কোনো বিদেশি দলের সর্বোচ্চ স্কোর। ২০০০ সালে গলে পাকিস্তানের ৬০০/৮ (ডি.) ছিল আগের সর্বোচ্চ।