কলম্বোতে শেখ রাসেলের বড় জয়

এএফসি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি ক্লাবের সঙ্গে ড্রটাই বোধ হয় তাতিয়ে দিয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্রকে। আজ কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল শেখ রাসেল ।
ম্যাচের ১৪ মিনিটে গোল উত্সব শুরু করেন শাকিল আহমেদ। ৩৫ মিনিটে গোলের ব্যবধান বাড়িয়ে নেন মিঠুন। ২-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে যেন আরও ক্ষুধার্ত হয়ে ওঠে বাংলাদেশের ক্লাবটি। ৫৫ মিনিটে মিঠুন আবারও বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ব্যবধান বাড়িয়ে নিতে ৬০ মিনিটে প্যাস্কালের গোল। ৮৬ মিনিটে চূড়ান্ত শেল হানেন সবুজ বিশ্বাস। চূড়ান্ত স্কোর লাইন—শেখ রাসেল ৫:০ শ্রীলঙ্কা। জোড়া গোল মিঠুনের।
এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে শেখ রাসেল। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি ক্লাবের পয়েন্টও ৪। তবে গোলের ব্যবধানে এগিয়ে শেখ রাসেলই। সূত্র: এএফসি।