কলম্বোয় শুরু গলে শেষ
শুরুটা হয়েছিল ঘরের মাঠে, কলম্বোর বর্তমান প্রেমাদাসা স্টেডিয়ামে। ঈর্ষণীয় সফলতা, বিতর্ক, নানা চড়াই-উতরাই পেরিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হলো দেশের মাটিতেই, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ৮০০ উইকেটের ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়ে থেমে গেল টেস্টে মুরালির ১৮ বছরের পথচলা।টেস্টে মুরালির অভিষেক ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে মাত্র তিনটি উইকেট শিকার করতে পেরেছিলেন। যতই দিন গড়িয়েছে, ততই নিজেকে শাণিত করে ব্যাটসম্যানদের দুঃস্বপ্নে পরিণত হয়েছেন মুরালি। যে শ্রীলঙ্কাকে একসময় ‘আন্ডারডগ’ মনে করা হতো, মুরালির বিধ্বংসী বোলিংয়ের সুবাদে সেই শ্রীলঙ্কা এখন ক্রিকেটের সেরা শক্তির অন্যতম। অসংখ্যবার তিনি একাই লড়ে দলকে জয় এনে দিয়েছেন। বিনিময়ে দেশবাসী, সমর্থকদের কাছ থেকে পেয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসা।২০০৭ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির মর্যাদা পান মুরালি। ওয়ার্ন টেস্টে ৭০৮ উইকেট নিয়ে অবসরে গেছেন। আর মুরালির শিকার ৮০০ উইকেট! অনেকটা আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে গেছেন শ্রীলঙ্কার এই তারকা স্পিনার। বিতর্ক চলছে, মুরালির এই রেকর্ড কখনো ভাঙবে কি না। যাকে পেছনে ফেলে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন, সেই ওয়ার্ন তো জানিয়েই দিয়েছেন, মুরালির এই রেকর্ড কখনো ভাঙার নয়! কেউ রেকর্ড গড়বে আরেকজন ভাঙবে—এটাই বাস্তবতা। কিন্তু মুরালি ১৮ বছরের টেস্ট ক্যারিয়ারে যে কীর্তি গড়েছেন তা ভাঙতে হলে অসম্ভব পথই পাড়ি দিতে হবে।