কলম্বোয় ফিরে এল গল
কী বলা যায় একে? দেজা ভ্যু! নয়তো কী? গল টেস্টের প্রথম দিনটাই যেন ফিরে এল এসএসসি (সিংহলিজ স্পোর্টস ক্লাব) টেস্টের প্রথম দিনে। টস জিতে শ্রীলঙ্কার ব্যাটিং নেওয়া, ঝোড়ো সূচনার পর তিলকরত্নে দিলশানের ফিরে যাওয়া, আবারও থারাঙ্গা পারানাভিতানা ও কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি, সেঞ্চুরির পরপরই একজনের বিদায়, দিন শেষে অপরাজিত ব্যাটসম্যানদের একজন মাহেলা জয়াবর্ধনে, সারা দিনে উইকেট পড়ল মাত্র দুটি এবং আবারও রানপাহাড়ে ওঠার অপেক্ষায় শ্রীলঙ্কা।ছোটখাটো মিল আছে আরও। গলের প্রথম দিনের মতো এখানেও নো বল হলো চারটি, লেগবাই ছয়টি। শ্রীলঙ্কার উইকেটের একটি পেলেন এক পেসার, আরেকটি স্পিনার। আবারও উইকেটশূন্য হরভজন সিং। অমিল যা তা দুই সেঞ্চুরিয়ানের একজনের বিদায়ে। তবে এতে ভারতীয়দের আরও বেশিই হতাশ হওয়ার কথা। গলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন পারানাভিতানা, এবার সাঙ্গাকারা, বড় রানের দিকে যাঁর ঝোঁক একটু বেশিই। শ্রীলঙ্কান অধিনায়কের সঙ্গী আবার জয়াবর্ধনে, এই মাঠে যাঁর রান টেস্ট ইতিহাসেই এক মাঠে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। আরেকটি যন্ত্রণার দিন মনে হয় অপেক্ষা করছে মহেন্দ্র সিং ধোনিদের জন্য।দুদলে পরিবর্তন হয়েছে মোট ছয়টি। গলের পুরো বোলিং আক্রমণটাকেই এসএসসিতে পাল্টে ফেলেছে শ্রীলঙ্কা। মুরালি-মালিঙ্গাকে পাওয়া হয়নি, ভেলেগেদারা-হেরাথ বাদ পড়েছেন ব্যর্থতায়। এসেছেন ধাম্মিকা প্রসাদ, দিলহারা ফার্নান্দো, অজন্তা মেন্ডিস, অভিষেক হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার সুরজ রণদিভের। ভারতের দুটি পরিবর্তনই বাধ্য হয়ে, হাঁটুতে চোট পাওয়া গৌতম গম্ভীরের বদলে সুযোগ পেয়েছেন মুরালি বিজয়। জ্বরে আক্রান্ত যুবরাজ সিংয়ের জায়গায় অভিষেক হয়েছে সুরেশ রায়নার।গলের উইকেটে প্রথম আধঘণ্টায় তবু একটু আর্দ্রতা ছিল, এখানে লেশমাত্র নেই। অবশ্য এই উইকেটে বাউন্স সামান্য বেশি, তবে সেটা কাজে লাগাতে পারেনি ভারতের বোলাররা। দিনের প্রথম তিন ওভারে লাইন-লেংথ একটু ধরে রাখতে পেরেছিল তারা, চতুর্থ ওভারে ইশান্ত শর্মাকে টানা চারটি চার মেরে পাল্টা-আক্রমণ শুরু করেন দিলশান। দশম ওভারেই ৫০ উঠে যায় স্কোরবোর্ডে। দিলশানের ১৫তম টেস্ট ফিফটি এসেছে ৩৯ বলে। এর পরপরই অবশ্য প্রজ্ঞান ওঝার নিরীহ এক বলে বাইরে এসে খেলতে গিয়ে ধরা পড়েন শর্ট কাভারে লক্ষ্মণের হাতে। ৯৯ রানের উদ্বোধনী জুটি গড়ে উঠেছে মাত্র ১৮.১ ওভারে।উইকেট ‘উপহার’ পাওয়ার পর ভারত একটু চেপে ধরবে কী, নতুন ব্যাটসম্যান সাঙ্গাকারা ওই ওভারেই দুটি চার মেরে বুঝিয়ে দেন লাগাম হাতছাড়া করতে রাজি নন তাঁরা। এরপর গলের মতোই পারানাভিতানা-সাঙ্গাকারার যুগলবন্দী। গলে দুজনের জুটি ছিল ১৮১ রানের, কাল হলো ১৭৪ রানের। রান করেছেন পাল্লা দিয়ে, সিরিজে দুজনেরই টানা দ্বিতীয় সেঞ্চুরি এসেছে একই ওভারে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পর পারানাভিতানা আউট হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে। ইশান্তের বল ব্যাটের কানায় লেগে মাটিতে পড়ে ছুঁয়ে দেয় স্টাম্প, তাতেই পড়ে যায় বেল। ২৩তম সেঞ্চুরি পাওয়া সাঙ্গাকারা দিন শেষ করেছেন ১৩০ রানে। আর কোনো উইকেট হারাতে চায়নি শ্রীলঙ্কা, তাই সাবধানী ব্যাটিংয়ে দিনের শেষ ১৮ ওভারে তারা রান তুলতে পেরেছে মাত্র ৩৯। দুই অঙ্ক ছুঁতে ৫৬ বল লাগল জয়াবর্ধনের। তবে আজ আবারও দুজনের ব্যাটে ছুটতে পারে রানের ফোয়ারা। তথ্যসূত্র: টেন স্পোর্টস।