কলম্বোয় 'ভালো ব্যাটিং'য়ের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের তো নয়, ৪ জানুয়ারি লেখা হতে পারে বাংলাদেশেরই ক্রিকেট-ভাগ্য। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন কতটা নিরাপদ, কলম্বোয় অনুষ্ঠেয় এসিসির সভায় অবধারিতভাবেই সেই আলোচনা উঠে আসবে। আসতে পারে বিকল্প ভেন্যুর প্রস্তাবও। এমন একটা সভার ‘উইকেট’ বিসিবির প্রতিকূলে থাকাটাই স্বাভাবিক। সেই উইকেটে বোর্ড সভাপতি নাজমুল হাসানের ‘ভালো ব্যাটিং’ই এশিয়া কাপের ভেন্যু হিসেবে বাংলাদেশের ভাগ্য ঠিক করবে অনেকখানি।
নাজমুল হাসানের একটা সুবিধা হলো, যে এসিসির সভায় তিনি বাংলাদেশকে এশিয়া কাপের আয়োজক হিসেবে নিরাপদ প্রমাণের পরীক্ষা দেবেন, সেটার প্রধান নির্বাহী কর্মকর্তাও বাংলাদেশেরই—বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। ব্যক্তিগত সফরে ঢাকায় এসে কাল বিসিবি সভাপতি ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। কিছু পরামর্শও কি দিলেন? সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায় সে আভাস, ‘আশরাফুল ভাই আমাদের বললেন নিরাপত্তার বিষয় যৌক্তিকভাবেই এসিসির সভায় আসতে পারে। কাজেই আমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো।’
বিদেশি কিছু সংবাদমাধ্যম এরই মধ্যে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু খুঁজতে শুরু করেছে। কেউ কেউ তো ভারতের দু-একটা শহরের নামও বলে দিচ্ছে সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে। কিন্তু বিসিবি সভাপতি বললেন, ‘এখন পর্যন্ত আমাদের সঙ্গে এ নিয়ে কারও কথা হয়নি। এ রকম কোনো ঘটনা ঘটার আমি কোনো কারণও দেখি না।’ বাংলাদেশ থেকে খেলা সরে যাওয়ার মতো পরিস্থিতিও এখনো সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন তিনি। সঙ্গে অবশ্য এও বলেছেন, এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের বিকল্প ভেন্যু থাকতেই পারে। একটি সূত্রে জানা গেছে আসন্ন টুর্নামেন্টটির জন্য বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনায় রাখছে এসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য বিকল্প ভেন্যুর তালিকায়ও নাকি আছে দেশ দুটি।
তবে এসিসিকে যাতে বিকল্প ভেন্যুর চিন্তা না করতে হয়, সে জন্য আটঘাট বেঁধেই কলম্বো যাবেন বিসিবির কর্মকর্তারা। ‘৩০ ডিসেম্বরের মধ্যে আমরা পুরোপুরি নিশ্ছিদ্র একটা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করব এবং এসিসির সভায় সেটা নিয়ে যাব। যে দেশগুলো এখানে খেলতে আসবে, তাদেরও এটা পাঠাব’—বলছিলেন নাজমুল হাসান। নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নই শুধু নয়, প্রয়োজনে সেটা যাতে ঠিকঠাক বাস্তবায়ন করা যায়, বোর্ড সভাপতি জোর দিচ্ছেন তার ওপরও। সাহায্য চেয়েছেন নিরাপত্তা সংস্থাগুলোরও, ‘নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে নিরাপত্তা সংস্থাগুলো। তাদের মুখ থেকে যদি দেশগুলো শুনতে পারে, তাঁরা এটাকে সমর্থন করবেন এবং বাস্তবায়ন করবেন, তাহলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।’
নিরাপত্তার প্রশ্নে দলগুলোকে আশ্বস্ত করার পাশাপাশি আরেকটা কাজও করবে বিসিবি। জানুয়ারির শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নির্বিঘ্নে ক্রিকেট আয়োজনের জন্য সাহায্য চাইবে প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার। বিসিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে জানালেন সভাপতি, ‘বিরোধী দলকে আমরা একটা চিঠি দিচ্ছি। আমরা অনুরোধ করব যেন খেলার সময় তারা কোনো কঠিন কর্মসূচি না দেয়। তবে যেহেতু এটা একটা লম্বা সময়, যদি কোনো কারণে কোনো কর্মসূচি পড়েও যায় অন্তত ক্রিকেটকে যেন কর্মসূচির আওতামুক্ত রাখেন।’ আজকের মধ্যে দেখা করার সময় মিললে বিসিবির প্রতিনিধিদল তাঁর নেতৃত্বেই খালেদা জিয়ার কাছে যাবেন বলে জানালেন নাজমুল হাসান। তবে তিনি যেতে না পারলেও প্রধান বিরোধী দলের নেত্রীর সঙ্গে দেখা করতে সিনিয়র বোর্ড পরিচালকদের সমন্বয়ে একটা শক্তিশালী দলই যাবে।
বিসিবির আগেই অবশ্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সৈয়দ আশরাফুল হক। কাল নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েই এসিসির প্রধান নির্বাহী বললেন, ‘১৯৮৮ সালের এশিয়া কাপের সময় ক্রিকেটকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার ব্যাপারে সব দল একমত হয়েছিল। তখন ক্রিকেট এত জনপ্রিয় ছিল না। এখন এটা অনেক বেশি জনপ্রিয় খেলা। এখন তো তারা (রাজনৈতিক দল) আরও বেশি করে করবে এটা। কারণ দেশের মানুষ এটা চায়। আমার আশা, রাজনৈতিক দলগুলো বিসিবিকে নিরাশ করবে না।’
আইসিসি-এসিসির সভায় যোগদান বেশির ভাগ সময়ই বিসিবির জন্য হয় আনুষ্ঠানিকতা। কিন্তু এবারের সভার ওপর নির্ভর করছে বাংলাদেশের ক্রিকেটেরই ভবিষ্যৎ। সৈয়দ আশরাফুল হকের আশাটা তাই পূরণ হলেই ভালো। না হলে কলম্বো থেকে দুঃসংবাদ পেতে পারে বাংলাদেশের ক্রিকেট।