কলা চাষ করবেন আলভেজ সিনিয়র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদিন থেকে কলায় কলায় কল্লোলিত ফেসবুক-টুইটার। দানি আলভেজের অভিনব প্রতিবাদের পরেই শুরু কলা-বিক্ষোভের। যেটিতে যোগ দিয়েছেন মারিও বালোতেল্লি, নেইমার, ম্যানচেস্টার সিটি সতীর্থ ফার্নান্দিনহো ও সার্জিও আগুয়েরো, ব্রাজিল মহিলা দলের মার্তা, দুই লিভারপুল সতীর্থ কুতিনহো ও লুইস সুয়ারেজ  ওয়েবসাইট
দুদিন থেকে কলায় কলায় কল্লোলিত ফেসবুক-টুইটার। দানি আলভেজের অভিনব প্রতিবাদের পরেই শুরু কলা-বিক্ষোভের। যেটিতে যোগ দিয়েছেন মারিও বালোতেল্লি, নেইমার, ম্যানচেস্টার সিটি সতীর্থ ফার্নান্দিনহো ও সার্জিও আগুয়েরো, ব্রাজিল মহিলা দলের মার্তা, দুই লিভারপুল সতীর্থ কুতিনহো ও লুইস সুয়ারেজ ওয়েবসাইট

ফুটবলবিশ্বে সবচেয়ে আলোচিত শব্দ এখন ‘কলা’। কাল টুইটারে ঢুকে নিশ্চয়ই চমকে গেছেন অনেকে। টুইটার-ইনস্ট্রাগাম যে হয়ে
উঠেছিল কলাময়! আগুয়েরো থেকে শুরু করে হাল্ক, সুয়ারেজ থেকে বালোতেল্লি, ফুটবলার ও ফুটবল-সংশ্লিষ্ট অনেকে তো বটেই,
বক্সার-মিক্সড মার্শাল আর্ট তারকা থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রীর মতো আরও অনেকেই ছবি দিয়েছেন কলা হাতে বা
কলা খাওয়ার। দানি আলভেজের কলা খেয়ে প্রতিবাদ এমনই আলোড়ন তুলেছে বিশ্বে। কলা ছুড়ে দেওয়া ওই দর্শককে শনাক্ত করে
স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করেছে ভিয়ারিয়াল।
গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে কর্নার নিতে এগিয়ে যাওয়ার সময় আলভেজের দিকে একটি কলা ছুড়ে মারা হয়।
কলাটি কুড়িয়ে তাতে কামড় বসিয়ে খেতে খেতে কর্নার নেন আলভেজ। অভিনব ওই প্রতিবাদে আলোচনার ঝড় তুলেছেন আলভেজ। ফুটবল
অঙ্গন ছাপিয়ে যা ছুঁয়ে গেছে গোটা বিশ্বকেই।
সবাইকে এভাবে পাশে পেয়ে এবং এমন তীব্র প্রতিক্রিয়ায় চমকে গেছেন আলভেজ নিজেও, ‘সত্যি বলতে, সবার এমন সমর্থন পেয়ে
আমি বিস্মিত হয়েছি। আমি অমনটা করেছিলাম কোনো কিছু না ভেবেই। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদেরও পাশাপাশি এগিয়ে যাওয়া
উচিত।’
স্পেনে প্রায় এক যুগের ক্লাব ক্যারিয়ারে বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতা নতুন কিছু নয় আলভেজের জন্য। নীতিকথার পথ ছেড়ে এ
জন্যই জবাব দেওয়ার উপযুক্ত পথ মনে করছেন হাসি-ঠাট্টাকেই, ‘১১ বছর ধরে আমি স্পেনে আছি, পরিস্থিতি ১১ বছর ধরে একই
রকম আছে। এই পশ্চাৎপদ লোকগুলোর দিকে তাকিয়ে স্রেফ হাসি-ঠাট্টাই করা যায়। আমি এটা বদলাতে পারছি না। তাই এটিকে স্রেফ
কৌতুক হিসেবে নিতে হবে এবং হাসতে হবে।’
তবে মনের কোণে যে ক্ষোভ পুষে রেখেছেন ঠিকই, সেটি ফুটে উঠেছে ব্রাজিলের রেডিও গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে, ‘পারলে আমি
ওই লোকের (কলা ছুড়ে দেওয়া) ছবি ইন্টারনেটে দিয়ে দিতাম, যাতে সে লজ্জা পায়। এখানে ভিনদেশিদের প্রতি বর্ণবাদ আছে।
নিজেদের ওরা প্রথম বিশ্বের দেশ বলে, কিন্তু কিছু কিছু ব্যাপারে একদমই পশ্চাৎপদ।’
ছেলের চেয়ে আবার আরেক ধাপ এগিয়ে আলভেজ সিনিয়র। দানি আলভেজের বাবা ডোমিঙ্গস আলভেজ রীতিমতো ঘোষণা দিয়ে বসেছেন
কলা চাষ করার! পেশায় কৃষক ডোমিঙ্গস ছেলের মতোই ঠান্ডা মাথায় মজা করে দিয়েছেন জবাব, ‘এমনিতে আমি নারকেল,
আম, বাঙ্গি, তরমুজের চাষ করি। এখন কলার চাষ করব!’
তবে এর পর থেকে এভাবে ছুড়ে দেওয়া কলা খেতে ছেলেকে নিষেধ করে দেবেন ডোমিঙ্গস। যুক্তিটাও একদম ফেলনা নয়, ‘এভাবে কলা
খেয়ে ফেলা বিপজ্জনক। কারণ, অনেকেই অন্য কোনো উদ্দেশ্যে কলার ভেতরে কিছু একটা ভরে দিতে পারে...এই মানসিকতার একজন
লোক এমনকি কলার ভেতরে বিষ ঢুকিয়ে দেওয়ার মতো কিছুও করতে পারে।’
পুরো ঘটনায় বিব্রত ভিয়ারিয়াল কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। ওই দর্শকের শাস্তির কথাও জানিয়েছে ভিয়ারিয়াল, ‘ওই
দর্শককে ইতিমধ্যে শনাক্ত করেছে ক্লাব এবং তাঁর মৌসুমি টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। এল মাদ্রিগাল স্টেডিয়ামে (ভিয়ারিয়ালের
মাঠ) তার প্রবেশে দেওয়া হয়েছে আজীবন নিষেধাজ্ঞা।’
নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আলভেজের ক্লাব বার্সেলোনাও। বর্ণবাদীদের বিশ্বকাপের জন্য সতর্কবার্তা শুনিয়ে রেখেছেন ফিফা প্রেসিডেন্ট
সেপ ব্ল্যাটার, ‘আলভেজের সঙ্গে যা করা হয়েছে, তা চরম নিন্দনীয়। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে
আমাদের। বিশ্বকাপে এমন কিছু একদমই বরদাস্ত করা হবে না।’
গতকালই বৈঠকে বসে ঘটনার পর্যালোচনা করার কথা স্পেন ফুটবল ফেডারেশনের। এএফপি ও ওয়েবসাইট।