কলাবাগান গাজী সূর্যতরুণের জয়
প্রথম ম্যাচে ব্যাট করেননি। পরের চার ম্যাচে করেছেন ৫, ১৩, ৪১ ও ১৭। অবশেষে প্রিমিয়ার ক্রিকেট লিগের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পেলেন জাতীয় দলের ব্যাটসম্যান রকিবুল হাসান। রকিবুলের প্রথম ফিফটির দিনে কাল তাঁর দল কলাবাগান ১০৬ রানের বড় ব্যবধানে জিতেছে ওরিয়েন্টের বিপক্ষে। দিনের অন্য দুটি ম্যাচে সূর্যতরুণ বিকেএসপিকে ১৮ রানে ও গাজী ট্যাংক প্রাইম দোলেশ্বরকে ৯ উইকেটে হারিয়েছে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৭৩ রানে ৩ উইকেট হারানো কলাবাগান শেষ পর্যন্ত ম্যাচটাকে একপেশে করেই জিতেছে। চতুর্থ উইকেট জুটিতে রকিবুল-ইজাজ আহমেদের ৬৯ রান শুরুর বিপর্যয় থেকে টেনে তোলে দলকে। ৬২ বলে ৫৩ রান করে রবিউল ইসলামের বলে এলবিডব্লু হয়ে ফিরে গেছেন রকিবুল। ইজাজ ৮৫ বলে করেছেন ৭৩ রান। জবাবে একপর্যায়ে ৩ উইকেটে ১৪৩ রান পর্যন্ত গেলেও কলাবাগানের ২৮৮ রানের চ্যালেঞ্জ টপকাতে পারেনি ওরিয়েন্ট। ৪০ রানে ২ উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে ওপেনার রবিউল (৭৫) ও খুররম শাহজাদ (৪৩) যোগ করেন ১০৩ রান। কিন্তু ২৬ রানে ৫ উইকেট নেওয়া আরাফাত সানির বোলিংয়ে ওরিয়েন্টের শেষ ৮ উইকেট পড়েছে মাত্র ৩৯ রানের ব্যবধানে!বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরকে মাত্র ১১৩ রানে অলআউট করে দিয়ে গাজী ট্যাংকও তুলে নিয়েছে বড় জয়। ৪৮ রানে ওপেনার সাব্বির রহমান আউট হয়ে গেলে আরেক ওপেনার মোহাম্মদ মিঠুন (৬৩*) আর শাহরিয়ার নাফীস (২৭*) মিলেই জিতিয়ে দেন দলকে।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৫৫ রানে ৪ উইকেট হারালেও আনিসুর রহমানের অপরাজিত সেঞ্চুরির (১১২*) সৌজন্যে ২৫০ রান করে সূর্যতরুণ। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুপিটার ঘোষ (৬৭) ও আসিফ আহমেদের (৫৫) ১০৭ রানের জুটি কিছুটা আশা জুগিয়েছিল বিকেএসপিকে, কিন্তু ২৩২ রানে অলআউট হয়ে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।