কলাবাগানে বেপথু আবাহনী
৪ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে জয়ের জন্য চাই ২ রান। প্রথম বলে ১ রান নেওয়ার পর কাজ সহজ হয়ে গেল আরও। অথচ টানা দুই বলে ২ উইকেট হারিয়ে এই ম্যাচটিও কিনা মোহামেডান জিতল শেষ বলের বাই রানে! ফতুল্লার রুদ্ধশ্বাস ম্যাচটিকেও অবশ্য ম্লান করে দিয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচ। কলাবাগান যে আবাহনীকে উপহার দিয়েছে লিগে প্রথম পরাজরের তেতো স্বাদ। উত্তেজনায় কেঁপেছে কালকের আরেকটি ম্যাচও, বিকেএসপিতে ভিক্টোরিয়াকে বিমান ৩ উইকেটে হারিয়েছে ৬ বল বাকি থাকতে।টস হেরে ব্যাটিংয়ে নামা কলাবাগানের ইনিংসকে বলতে গেলে একাই টেনেছেন লিগে এর আগে মাত্র একটা ফিফটি করা রকিবুল হাসান। জাতীয় দলের এই ব্যাটসম্যানের ৮৮ রানের পর ইজাজ আহমেদের ৩২ রানই দলের সর্বোচ্চ। মিডল-অর্ডারে চার থেকে আট পর্যন্ত টানা ৫ উইকেট নেন সাকলাইন সজীব। কলাবাগান অলআউট হয় ২১৭ রানে। ৭ রানের মধ্যে রনি তালুকদার ও ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে হারানোর পরও আবাহনী জয়ের রাস্তায় ছিল ইমরুল কায়েস ও আনামুল হকের ১০৭ রানের তৃতীয় উইকেট জুটিতে। প্রথম দুই উইকেট নেওয়া শাহাদাত হোসেন দ্বিতীয় স্পেলে ফিরে এই জুটি ভাঙার পর ভেঙে পড়ে আবাহনীও। ৭৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা ১৮৮ রানে। শাহাদাত নেন ৫ উইকেট।ফতুল্লায় কুয়াশায় ৪৪ ওভারে নেমে আসা মোহামেডান-সিসিএস ম্যাচটা একরকম হয়ে দাঁড়িয়েছিল মোহামেডান ও মোহাম্মদ আশরাফুলের লড়াই। মুক্তার আলীর ৩ উইকেটে যখন কোণঠাসা সিসিএস, তখনই পাল্টা আক্রমণ শুরু করেন আশরাফুল। সাকিবের দারুণ এক রিটার্ন ক্যাচে সেঞ্চুরিটা হয়নি, তবে ৯ চারে সিসিএস অধিনায়কের ৮৪ বলে ৯২ দলকে এনে দিয়েছিল লড়াই করার মতো পুঁজি। তামিম ইকবাল ও মঈন আলীর উদ্বোধনী জুটি ৪৫ রান তুলে ফেলে ৬ ওভারেই। এবার সিসিএসের ত্রাতা বোলার আশরাফুল, প্রথম বলেই স্টাম্পড তামিম। দুই ওভার পর প্রান্ত বদলে আবার বোলিংয়ে এসে আউট করেছেন মঈনকেও। মোহামেডান আবারও ভরসা পায় মোহাম্মদ ইউসুফের ব্যাটে, দ্রুত রান বাড়ানোর কাজটা আবারও সফলভাবে করেন অভিজ্ঞ ফয়সাল হোসেন (৪০ বলে ৪৬)। রবিউল ইসলামের করা শেষ ওভারের প্রথম বলে ১ রান নেন মুক্তার, তৃতীয়-চতুর্থ বলে আউট হন ইউসুফ ও নূর হোসেন। শেষ বলটিও ব্যাটে লাগাতে পারেননি মুক্তার, কিন্তু উইকেটকিপারের গ্লাভসে বল রেখেই এক রান নিয়ে নেন দুই ব্যাটসম্যান।জাতীয় লিগের ওয়ানডেতে তিন সেঞ্চুরি করা ফজলে রাব্বি কাল পেয়েছেন প্রিমিয়ারের প্রথম সেঞ্চুরি, ভিক্টোরিয়া তুলেছে ২৪২। ওপেনিংয়ে ইলিয়াস সানির ৭১, মুশফিকুর রহিমের ৫ম ফিফটি (৬০) আর অষ্টম উইকেটে শরীফুল্লাহ-মনোয়ারের ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় বিমান।