গত সপ্তাহে ফুটবল বিশ্বজুড়ে ছিল ‘কলাঝড়’। বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের অভিনব প্রতিবাদের প্রতি একাত্মতা জানিয়ে বিশ্বের বিভিন্ন অঙ্গনের মানুষ টুইটার-ফেসবুকে ছবি পোস্ট করেছিল কলা খাওয়ার। সেটির রেশ না কাটতেই স্প্যানিশ ফুটবলে আবারও আলোচনায় বর্ণবাদ। এবার শিকার লেভান্তের সেনেগালিজ মিডফিল্ডার পেপ দিউফ। তবে শিকার ভিন্ন হলেও শিকারি সেই অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরাই।
আলভেজের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়, কলা ছুড়ে মারা সেই দর্শককে ক্লাবের পক্ষ থেকে নিষিদ্ধ করা—কোনো কিছুই অ্যাটলেটিকো সমর্থকদের বিবেকে নাড়া দিতে পারেনি। পরশু লেভান্তের মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো। ম্যাচের শেষ দিকে দিউফ কর্নার নিতে গেলে ‘বাঁদর, বাঁদর’ বলে চিত্কার করতে থাকে অ্যাটলেটিকোর সমর্থকেরা। আলভেজ প্রতিবাদ জানিয়েছিলেন ছুড়ে মারা কলা খেয়ে। দিউফ প্রতিবাদ করেছেন নেচে! যাকে বলা যায় আফ্রিকান নৃত্য।
তবে ম্যাচ শেষে দিউফ বলেছেন, এটা বন্ধ হওয়া উচিত, ‘আমি কর্নার নিতে গেলে অ্যাটলেটিকোর সমর্থকেরা বাঁদর বলে চিত্কার শুরু করে। জবাবে আমি নাচ শুরু করে দিই। তবে আমি কাউকে অপমান করতে চাইনি। অ্যাটলেটিকোর সমর্থকদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। অনেক মাঠেই আমার সঙ্গে এমন প্ররোচণামূলক আচরণ করা হয়। আমি জানি না এটা বর্ণবাদ বা কাউকে অসম্মান করা কি না। তবে কালো খেলোয়াড়দের সঙ্গে এমন অঙ্গভঙ্গি বন্ধ করা উচিত।’
ওদিকে আলভেজ চান সেই ‘কলা’ ছুড়ে মারা দর্শকের প্রতি ক্ষমাশীল আচরণ! ‘শাস্তি দিতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি না, মন্দলোকের সঙ্গে মন্দ কিছুই করতে হবে। এভাবে এটা না করে মানুষকে শিক্ষিত করে তুলতে হবে’—বলেছেন আলভেজ। এএফপি।