কলিংউডের জায়গায় মরগান
পল কলিংউডের জায়গাটা পাবেন রবি বোপারা—কলিংউড সম্প্রতি অবসর নেওয়ার পর থেকেই কথাটি বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞদের সেই ভবিষ্যদ্বাণী আজ মিথ্যে প্রমাণিত করেছেন ইংল্যান্ডের নির্বাচকেরা। বোপারাকে নয়, টেস্ট দলের মিডল অর্ডারে কলিংউডের জায়গাটা নির্বাচকেরা দিয়েছেন এউইন মরগানকে।‘আমরা বিশ্বাস করি, প্রথম টেস্টের জন্য সেরা দলটাই বেছে নিয়েছি আমরা। গত গ্রীষ্মে টেস্ট দলে মরগানকে আনার পর থেকেই ও আমাদের মুগ্ধ করেছে। পুরো অস্ট্রেলিয়া সফরজুড়ে মরগান কঠোর পরিশ্রম করেছে’—এক তথ্য বিবরণীতে বলেছেন ইংল্যান্ডের প্রধান নির্বাচক জিওফ মিলার।ইংল্যান্ডের সর্বশেষ অ্যাশেজ মিশনের দলে ছিলেন মরগান। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ওই ৫ ম্যাচের টেস্ট সিরিজের একটিতেও তাঁকে মাঠের নামার সুযোগ দেননি নির্বাচকেরা। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজেই হয়তো প্রতীক্ষার অবসান ঘটবে মরগানের। আগামী বৃহস্পতিবার কার্ডিফে মাঠে গড়াবে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ওয়েবসাইট।টেস্ট দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, এউইন মরগান, ম্যাট প্রিয়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট, জেমস অ্যান্ডারসন ও স্টিফেন ফিন।