কল্পনা যেদিন নেমে এসেছিল বাস্তবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৮ সালে বাংলাদেশ সফরের সময় নৌবিহা​ের স্ত্রী ভেরোনিকার সঙ্গে মোহাম্মদ আলী l ছবি: ওয়াকার এ খান
১৯৭৮ সালে বাংলাদেশ সফরের সময় নৌবিহা​ের স্ত্রী ভেরোনিকার সঙ্গে মোহাম্মদ আলী l ছবি: ওয়াকার এ খান

হঠাৎ করেই একদিন সকালে খান স্যার ফোন দিলেন। প্রয়াত ড. এ আর খান ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞানের প্রধান এবং একই সঙ্গে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি আমার মাকে বললেন, ১০টার মধ্যে যেন আমাকে স্টেডিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। আমি ১৯৭৮ সালের ফেব্রুয়ারির কথা বলছি। তখনো ঢাকা স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়নি এবং ‘স্টেডিয়াম’ বলতে মানুষ ওই একটি জায়গাকেই বুঝত।
আমি সময়মতো এসে এনএসসির লাল ইটের ভবনে ঢুকতেই দেখি, আরও কিছু সংগঠক এবং খেলোয়াড়দের সঙ্গে ড. খান বসা। আমাকে দেখে মুচকি হেসে বললেন, ‘এসো নিয়াজ, মোহাম্মদ আলীর সঙ্গে হ্যান্ডশেক করতে হবে।’ শুনেই চমকে উঠলাম। তার পরের অনুভূতি আর কী বলব! ঈদের দিন সকালে যেমন লাগে, তেমনি খুশিতে মনটা ভরে উঠল।
সময়টা বুঝতে হবে। তখন না ছিল সেলফোন, না ইন্টারনেট। টিভি ছিল, কিন্তু সাদা-কালো। একটি মাত্র চ্যানেল—বিটিভি। তাতে সপ্তাহে একটা আধা ঘণ্টার কার্টুন দেখাত; আর সেটা দেখার জন্য ১১ বছরের আমি আর আমার সাত বছরের ছোট ভাই রনি চাতক পাখির মতো সপ্তাহভর অপেক্ষায় থাকতাম। এ অবস্থায় যখন প্রথম একজন বিশ্বজয়ী মুষ্টিযোদ্ধার লড়াই সরাসরি বিটিভিতে প্রচার করা হলো, তখন আর আট কোটি জনতার সঙ্গে সঙ্গে আমি আর রনিও আমাদের নতুন হিরোকে খুঁজে পেলাম।

নিয়াজ মোরশেদ
নিয়াজ মোরশেদ

১৯৭৫ সালে মোহাম্মদ আলী বনাম জো বাগনারের ম্যাচটি ছিল বিটিভিতে সরাসরি প্রচারিত প্রথম দিকের বড় ইভেন্টগুলোর অন্যতম। এরপর ওই একই বছর জো ফ্রেজিয়ারের সঙ্গে ম্যাচটি প্রচারিত হলে পর আলী বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান। ‘থ্রিলা ইন ম্যানিলা’ আমার স্পষ্ট মনে আছে। তুমুল উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রেফারি শেষ রাউন্ডের আগে আলীর পক্ষে খেলা বন্ধ করে দিলে আমরা সবাই হাঁফ ছেড়ে বাঁচি।
১৯৬৪ সালে সনি লিস্টনকে হারিয়ে মোহাম্মদ আলী যখন প্রথম বিশ্ব হেভিওয়েট শিরোপা জেতেন, তখন আমার জন্ম হয়নি। এরপর আলীর ভিয়েতনাম যুদ্ধে না-যাওয়া, শিরোপা হারানো এসবও আমার অনেক পরে শোনা। এরপর যখন আবার রিংয়ে ফিরে এলেন, তখনকার কিছু ছবি আমি পরে নিউজউইক এবং টাইম সাময়িকীতে দেখেছি। আমরা যখন তাঁকে টিভিতে প্রথম দেখি, তখন তিনি জর্জ ফোরম্যানের কাছ থেকে বিশ্ব হেভিওয়েট খেতাব ছিনিয়ে নিয়েছেন। তার পরও টিভিতে প্রচারিত বাগনার ও ফ্রেজিয়ারের সঙ্গে ওই দুটি লড়াই-ই আলীকে নিয়ে আসে বাংলাদেশের সব মানুষের সঙ্গে আমারও অনেক কাছাকাছি।
সকাল ১০টা থেকে বেশ কয়েক ঘণ্টা এনএসসি ভবনে অপেক্ষা করার পর অবশেষে সেই সময় এল। দুপুরের খাবারের পর আমাদের নিয়ে যাওয়া হলো স্টেডিয়ামে। তখনও আলীর আসতে অনেক সময় বাকি ছিল; কিন্তু স্টেডিয়াম ইতিমধ্যেই প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। সবাই তাঁদের স্বপ্নের নায়ককে দূর থেকে হলেও একবার দেখতে চায়।
অবশেষে আলী এলেন। নিজের নামে মুষ্টিযুদ্ধ স্টেডিয়াম উদ্বোধন করে আসায় একটু দেরিতেই। যেখানে নিজের নামাঙ্কিত বক্সিং স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে ১২ বছরের এক কিশোরের ঘুষিতে নকআউট হয়ে যাওয়ার অভিনয় করে সবাইকে আনন্দে মাতিয়ে এসেছেন।
আমরা লাইন ধরে দাঁড়িয়ে ছিলাম তাঁর জন্য। আমি লাইনের প্রথম দিকেই ছিলাম। আলী নেমেই আমাদের প্রথম কয়েকজনকে লক্ষ্য করে খেলাচ্ছলে কয়েকটি জ্যাব মারেন। তাঁর পরনে ছিল লাল একটি স্পোর্টিং গাউন। তাঁর বাঁ হাতটি দু-তিনবার আমাদের চেহারার সামনে দিয়ে ঘুরিয়ে আনেন তিনি, সঙ্গে দেখান তাঁর দুর্দান্ত ফুটওয়ার্কের প্রদর্শনীও। এর পর একে একে হাত মেলালেন অভিভূত ক্রীড়াবিদদের সঙ্গে। আমাকে দেখে মৃদু বিস্ময়ের হাসি হাসেন—সম্ভবত অন্যদের চেয়ে আমি অনেক ছোট ছিলাম বলে। আর কল্পনার নায়কের সঙ্গে বাস্তবে করমর্দন করে আমি তখন বিহ্বল এবং অভিভূত।
এখনো কোনো টিভি চ্যানেলে মোহাম্মদ আলীর পুরোনো কোনো ফুটেজ চোখে পড়লে আমি কাজ বন্ধ করে অধীর আগ্রহে তাকিয়ে থাকি। কোন ফাইট এটি? লিস্টন? নাকি ফ্রেজিয়ার? নাকি কেন নর্টন? স্মৃতির পাতা হাতড়াই, কী হয়েছিল এরপর! কিন্তু গত কয়েক বছর যখনই অসুস্থ বা পারকিনসন্সে আক্রান্ত আলীকে দেখানো হতো কোথাও, আমি ইচ্ছা করেই সেটা দেখতাম না। তাঁর মৃত্যুসংবাদের মতোই আমার কাছে সেই দৃশ্য ছিল অবিশ্বাস্য, কেবল মনে হতো কোথাও কোনো ভুল হচ্ছে। এটা আলী নন। কারণ এখনো চোখ বন্ধ করে মোহাম্মদ আলীর কথা ভাবলে মনশ্চক্ষে স্পষ্ট দেখতে পাই, আমার দিকে মুচকি হেসে খেলাচ্ছলে জ্যাব ছুড়ছেন লাল ড্রেসিং গাউন গায়ে এক বিশালকায় মহানায়ক!
* নিয়াজ মোরশেদ: উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার