কল্পলোকে ক্রিকেটের গল্পে সেই আশ্চর্য সময়
ডব্লিউ জি গ্রেস যেন জীবন্ত হয়ে উঠেছেন কল্পলোকে ক্রিকেটের গল্প বইটিতে। টেস্ট ক্রিকেটের প্রথম বলটি যিনি করেছিলেন সেই আলফ্রেড শ, প্রথম সেঞ্চুরিয়ান চার্লস ব্যানারম্যান, জর্জ লোহ্ম্যান কিংবা ক্লেম হিলরাও যেন ফিরে এসেছেন এই ধরাধামে। রণজিৎসিংজি অথবা ফ্রেড স্পফোর্ডরাও যেন সহজ-সরল ভাষায় তুলে ধরছেন নিজেদের ক্রিকেট জীবনের বিভিন্ন ঘটনা।
কল্পলোকের বাসিন্দা ক্রিকেট কিংবদন্তিদের এক মলাটে পাঠকদের সামনে নিয়ে এসেছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। আজ রোববার এই বইটিরই প্রকাশনা-উৎসব হয়ে হয়ে গেল কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে
নিছক এক প্রকাশনা উৎসব শেষ পর্যন্ত হয়ে উঠল ক্রিকেট ও ক্রীড়াঙ্গন নিয়ে জমাটি এক আড্ডার ক্ষেত্র। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সঞ্চালনায় প্রাণবন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক গাজী আশরাফ হোসেন, নাঈমুর রহমান ও হাবিবুল বাশার। পাশাপাশি অনুষ্ঠান আলোকিত হয়েছিল ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মোহাম্মদ কামরুজ্জামান, ক্রিকেট ইতিহাসবিদ অধ্যাপক ড: নুরুল আনোয়ার, ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী আর জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার কর্নেল (অব.) আবদুল লতিফের উপস্থিতিতে।

এ প্রজন্মের পাঠকদের সামনে ক্রিকেটের ইতিহাসকে গল্পচ্ছলে তুলে ধরার জন্য অতিথিরা ধন্যবাদ জানান উৎপল শুভ্রকে। জাতীয় ক্রিকেট দলের তিন অধিনায়কের কণ্ঠেই বইটি নিয়ে ছিল মুগ্ধতা। অতিথিরা প্রায় সকলেই মনে করেন, ক্রিকেট ইতিহাস দারুণ উপভোগ্য হয়ে উঠেছে লেখকের লেখনীর ছোঁয়ায়।
বাংলাদেশে ক্রিকেটের চর্চা বাড়াতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অধ্যাপক নুরুল আনোয়ার। জালাল আহমেদ চৌধুরীর ভাষায় এটি উপন্যাসসম এক ঐতিহাসিক আখ্যান। মোহাম্মদ কামরুজ্জামান ক্রীড়া সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আরও বেশি করে খেলাধুলা বিষয়ক বই লেখার।
সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান লেখক উৎপল শুভ্র। একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনীর স্টলে ( স্টল নম্বর ১০২-১০৫)।