কষ্ট পেয়েছি, লজ্জা যেন না পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশাজনক, কষ্টকর—সবই মানছি। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, জয়-পরাজয় খেলারই অংশ। খেললে আপনি কখনো জিতবেন, কখনো হারবেন। সেদিক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারে আমাদের খুব বড় কোনো ক্ষতি হয়ে যায়নি।তবে হ্যাঁ, এটা অপ্রত্যাশিত, জিম্বাবুয়েতে গিয়ে এখনো আমরা একটা ম্যাচও জিতিনি। সিরিজের শেষ দুটি ম্যাচ এ জন্যই এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের জন্য। জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে যদি একটুও সাফল্য নিয়ে দেশে না ফিরতে পারি, সেটা হবে বেশি লজ্জার। এখন তো আমরা কষ্টে আছি, যদি কোনো ম্যাচই জিততে না পারি, লজ্জায়ও মাথা নোয়াতে হবে। অন্য দেশের বিপক্ষে সব ম্যাচ হারলেও ক্ষতি নেই। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এ ধরনের ব্যর্থতা আসলেই লজ্জাজনক হবে। কষ্ট সবাই-ই পেয়েছে, এখন যেন আমাদের লজ্জাটা না পেতে হয়।জিম্বাবুয়েতে গিয়ে কেন এই ব্যর্থতা? আমার মনে হচ্ছে, এবার আমাদের প্রস্তুতি সে রকম ভালো ছিল না। সিরিজটাকে হালকাভাবে হয়তো নিইনি, কিন্তু সবকিছু মিলিয়ে প্রস্তুতি যথাযথ হয়নি। আমরা এক মাস ধরে কন্ডিশনিং ক্যাম্প করলাম। ফিটনেসের জন্য এটা দরকার। সঙ্গে পর্যাপ্ত স্কিল ট্রেনিংয়েরও দরকার ছিল মনে হয়। বোলিং ফিটনেস বোলিং করেই আসবে, ব্যাটিং ফিটনেস আসবে ব্যাটিং করে। দৌড়াদৌড়ি করে এসব কখনো আসে না। ইনজামাম-উল হক তাহলে ওয়ানডেতে ১১ হাজার রান করতে পারতেন না। টেস্ট-ওয়ানডে মিলে টেন্ডুলকারের ৩২ হাজার রানও হতো না। ফিটনেসের দরকার আছে, তবে সেটা স্কিল ট্রেনিং বাদ দিয়ে নয়।জিম্বাবুয়ে সফরের আগে আমরা সম্ভবত ১৫-২০ দিন স্কিল ট্রেনিং করেছি। অথচ আমরা খেলতে গেছি এক টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ! সেই একমাত্র টেস্টটিও আবার ১৪ মাস পর। প্রস্তুতি শুরুর আগে অনেক খেলোয়াড় ছুটিতে ছিল, খেলার মধ্যে ছিল না। সে কারণেই মনে হয়, স্কিল ট্রেনিংয়ের ঘাটতিটা ছিল প্রস্তুতিতে। আমরা হয়তো আরও কিছু ব্যাটিং-বোলিং করতে পারতাম। দিন শেষে যুদ্ধটা তো ব্যাটে-বলেই।খেলা দেখে মনে হয়েছে, আমাদের ব্যাটসম্যানদের রান করতে খুব কষ্ট হচ্ছে। অথচ তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে দেখুন। আগে ব্যাটিং করে ওরাও চাপে পড়েছিল, সেই চাপ থেকে বের হলো কী দারুণভাবে! আমাদের ফিল্ডাররা ক্যাচ ছাড়লেও এটা ক্রিকেটেরই অংশ। প্রথম ওয়ানডেতে ১৭ রানে সাকিবের স্টাম্পিংটা মিস না হলে তো ওই ম্যাচে আমরাও আরও আগে অলআউট হতাম!তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে এগিয়ে গেছে চাপ সামলানোর চ্যালেঞ্জটাতেই। ১০ ওভারে ওদের ১৮-২০ রান ছিল। সেখান থেকে করল ২৫০। তার মানে সময়মতো সামর্থ্যের প্রয়োগ তারা ঘটাতে পারছে। বড় খেলোয়াড় সেই যে এই প্রয়োগটা ঘটাতে পারে। প্রতিকূল পরিস্থিতিকেও ওরা নিজেদের দিকে নিয়ে গেছে, যেটা আমরা কখনো পারিনি।তার পরও মুশফিকুরের অনবদ্য ইনিংস জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। সেই স্বপ্ন পূরণ হতে পারল না বোধহয় নাসিরের আউটের কারণেই। আর কিছু না, আমি বলব কেবল অনভিজ্ঞতার কারণেই ওই সময় সে ওভাবে খেলতে গিয়েছিল। নাসির হয়তো ভেবেছে ১৮ বলে ২২ লাগবে, আমি বাউন্ডারি মেরে একটু এগিয়ে দিই। কিন্তু ওর উচিত ছিল সিঙ্গেলসের ওপর খেলে মুশফিকুরকে স্ট্রাইক দেওয়া। সেটা না করে মারতে গেল এবং আউট হয়ে ফিরে এল। সব চাপ তখন চলে এল মুশফিকুর আর টেলএন্ডারদের ওপর।খুব ভালো লাগত যদি মুশফিকুর ব্যাট উঁচু করে মাঠ ছাড়তে পারত। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, অথচ ব্যাটটাই তুলে ধরতে পারল না সে! খারাপই লেগেছে ওর জন্য। তার পরও বলব, আমার দেখা বাংলাদেশ দলের সেরা ইনিংস এটা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় সাকিবের একটা ইনিংস দেখেছি, কার্ডিফে আশরাফুলেরটা। কিন্তু মুশফিকুরের ইনিংসটা পুরোই অন্য রকম। ও একাই টেনে নিয়ে গেছে দলকে। দুর্ভাগ্য, ভালো সাপোর্ট পায়নি। মুশফিকুরের এই সেঞ্চুরি জিম্বাবুয়ে সিরিজে বড় প্রাপ্তি হয়ে থাকবে আমাদের। সঙ্গে আসবে নাসির, শুভাগতের ভালো শুরু, আশরাফুলের রান করা কিংবা রুবেলের ভালো বোলিং। কিন্তু যত যা-ই বলি, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে প্রাপ্তির খাতায় এসব তলানিতেই পড়ে থাকবে। সিরিজ জিততে না পারার কষ্টটা যাবে না। এখন একটাই চাওয়া—লজ্জা যেন না পাই।