চ্যাম্পিয়নস লিগে কাল বার্সেলোনা সেল্টিকের কাছে হেরে গেলেও জয় পেয়েছে অন্য জায়ান্টরা। জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষকে বিধ্বস্ত করলেও দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির জয়টা সহজে পাওয়া হয়নি। জুভেন্টাস ৪-০ গোলে নরশেলান ও বায়ার্ন ৬-১ গোলে লিলকে উড়িয়ে দেওয়ার বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের শেষ ১০ মিনিটে তিন গোল করে জয় পেয়েছে ব্রাগার বিপক্ষে। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার পর দনেতস্কের বিপক্ষে চেলসির ৩-২ গোলে জয়টা ছিল যথেষ্ট কষ্টার্জিত।ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তিনটি গোল করেছেন রবিন ফন পার্সি, ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজ। ম্যাচের ৪৯ মিনিটে অ্যালানের পেনাল্টি গোলে এগিয়ে যায় ব্রাগা। ৮০ মিনিটে রবিন ফন পার্সি ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান। ৮৫ মিনিটের সময় রেড ডেভিলদের পেনাল্টি হতাশা কাটান ওয়েইন রুনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হাভিয়ের হার্নান্দেজের গোল ব্রাগার বিপক্ষে ভালো একটি জয় এনে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।স্ট্যামফোর্ড ব্রিজে শাখতার দনেতস্ক ও চেলসির মধ্যকার খেলাটি ছিল শ্বাসরুদ্ধকর। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ভিক্টর মোসেসের গোল চেলসিকে এনে দেয় এবারের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় জয়। ম্যাচের শুরুতেই (ছয় মিনিটে) ফার্নান্দো তোরেসের গোল এগিয়ে দেয় চেলসিকে। এর তিন মিনিট পরেই উইলিয়ানের গোলে ম্যাচে ফেরে দনেতস্ক। ৪০ মিনিটে আবার অস্কারের গোল এগিয়ে দেয় চেলসিকে। সেই উইলিয়ানই আবার ৪৭ মিনিট পর শাখতার দনেতস্ককে সমতায় ফিরিয়ে নিয়ে আসেন। আক্রমণের পর আক্রমণ শাণিয়ে খেলার একেবারে অন্তিম মুহূর্তে মোসেস গোল করলে আনন্দে ভেসে যায় স্ট্যামফোর্ড ব্রিজ।নরশেলানের বিপক্ষে ইতালীয় সিরি ‘আ’ বিজয়ী জুভেন্টাসের জয়টা এসেছে বেশ সহজে। ব্যবধানটাও ৪-০ গোলের। ম্যাচের ছয় মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন ক্লদিও মারচিসিও। ২৩ মিনিটে ভিদাল ব্যবধান দ্বিগুণ করেন। ৩৭ মিনিটে সেবাস্তিয়ান জিওভিনকো ও ৭৫ মিনিটে ফ্যাবিও কুয়াগলিআরেল্লার দুই গোল জুভেন্টাসকে নিজের মাঠে এনে দেয় এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম জয়।মিউনিখের অ্যালিয়ানজ অ্যারেনায় লিলকে বেশ অসহায়ই লাগছিল কাল। বায়ার্ন মিউনিখ নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে কাল লিলকে হারিয়েছে ৬-১ গোলে। ক্লদিও পিজারোর হ্যাটট্রিকে খেলার প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ছিল ব্যাভারিয়ানরা। পাঁচ মিনিটের সময় বাস্তেইন শোয়েনস্টাইগারের গোলে এগিয়ে যায় বুন্দেসলিগা রানার্সআপরা। ১৮ মিনিটে ক্লদিও পিজারো ২-০ করে দেন ব্যবধানকে। ২৩ মিনিটে আরিয়েন রোবেন করেন দলের পক্ষে তৃতীয় গোল। ২৮ ও ৩৩ মিনিটে পর পর দুটি গোল করে পিজারো পূরণ করেন নিজের হ্যাটট্রিক। দলও ৫-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় (ম্যাচের ৫৭) লিল বায়ার্ন মিউনিখকে একটি গোল ফিরিয়ে দেয়। ৬৬ মিনিটে টনি ক্রুসের গোল স্কোর লাইন পরিণত করে ৬-১-এ। বিশাল এই জয়ে গ্রুপ এফ-এ ৯ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার সঙ্গে লড়াইটা জমিয়ে রাখল বায়ার্ন মিউনিখ।এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের অপর দুই ম্যাচে ভ্যালেন্সিয়া ৪-২ গোলে বেট ও বেনফিকা ২-০ গোলে স্পার্তাক মস্কোকে পরাজিত করেছে। সূত্র: রয়টার্স।