কসমসে পেলের পুনর্মিলনী
নিউইয়র্ক কসমসে পুনর্মিলনীতে যাচ্ছেন পেলে—এটা জানা গিয়েছিল আগেই। এখন জানা গেল, পেলে স্মৃতিবিজড়িত কসমসে পা রাখবেন ১৩ এপ্রিল।
৭৩ বছর বয়সে আবার খেলতে যে যাচ্ছেন না, সেটা অনুমেয়। যাচ্ছেন সম্মানসূচক ডিগ্রি নিতে এবং কসমসের শিরোপা উদ্যাপনে শামিল হতে।
নিউইয়র্ক কসমস নামটি মুখে এলেই ওঠে পেলের কথা। নিউইয়র্কের ক্লাবটি পৃথিবীবিখ্যাত হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তির ছোঁয়া পেয়েই। ক্যারিয়ার-গোধূলিতে পেলে দুটি বছর কাটিয়েছিলেন কসমসে। তবে পায়ের জাদু দেখিয়ে ওই দুই বছরেই হয়ে যান কসমসের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৭ সালে কসমসকে শিরোপা জিতিয়েই ইতি টানেন খেলোয়াড়ী জীবনের।
এই কসমস অবশ্য সেই কসমস নয়। পেলের কসমস হারিয়ে গেছে ১৯৮৫ সালে। ২০১০ সালে জন্ম নেয় নতুন এক কসমস। গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ের লিগ উত্তর আমেরিকান সকার লিগে প্রথম অংশ নিয়েই জিতেছে শিরোপা। ১৩ এপ্রিল শুরু হচ্ছে নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে মুখোমুখি হবে কসমস ও আটলান্টা। হোফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের শুয়ার্ট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে শিরোপা উদ্যাপন করবে কসমস। ওই অনুষ্ঠানেই হোফস্ট্রা বিশ্ববিদ্যালয় জনহিতকর কাজের জন্য পেলেকে দেবে সম্মানসূচক ডিগ্রি। এএফপি।