কস্তা-তোরেসকে নিয়েই স্পেন

হেসুস নাভাস আর আলবার্তো মোরেনোরা থাকবেন না সেটা আগেই বলে দিয়েছিলেন ভিসেন্তে দেল বস্ক। আভাস দিয়েছিলেন, ফার্নান্দো তোরেসকে বিশ্বকাপ দলে রাখবেন। কথা রেখেছেন স্পেনের কোচ। ক্লাবের হয়ে সাম্প্রতিক ফর্ম আহামরি না হলেও স্পেনের চূড়ান্ত বিশ্বকাপ দলে আছেন তোরেস। চোট থেকে সময়মতো সেরে ওঠতে পারবেন কি না এমন অনিশ্চয়তা থাকলেও দেল বস্ক দলে রেখেছেন ব্রাজিল বংশোদ্ভূত স্ট্রাইকার ডিয়েগো কস্তাকেও। তবে শেষ পর্যন্ত জায়গা হয়নি দুই স্ট্রাইকার আলভারো নেগ্রেদো আর ফার্নান্দো লরেন্তের।
প্রস্তুতি ম্যাচে পরশু বলিভিয়ার বিপক্ষে গোল করার পরেই দেল বস্ক আভাস দিয়েছিলেন, তোরেসের ব্যাপারে তিনি ইতিবাচক। ম্যাচের অন্য গোলটি স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। স্পেন দলে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর কোনো ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ধকল সামলাতে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁদের। তার পরও বলিভিয়াকে হারিয়ে ইনিয়েস্তার উচ্ছ্বাসটা বাড়াবাড়ি মনে হতে পারে। কোথায় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর কোথায় র৵াঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা বলিভিয়া!
আসলে কারণটা অন্য। বিশ্ব চ্যাম্পিয়ন হলেও স্পেন তাদের সোনালি সময়টা পেছনে ফেলে এসেছে, এমন সমালোচনায় বিদ্ধ তারা কনফেডারেশনস কাপে ব্রাজিলের কাছে হারের পর থেকেই। টিকি-টাকার শেষই দেখে ফেলেছে অনেকে। সব মিলিয়ে অদৃশ্য চাপ তো ছিলই। হতে পারে প্রস্তুতি ম্যাচ, তবে পুরো শক্তির দল ছাড়াই বলিভিয়াকে হারিয়ে স্পেন সেই সমালোচনার কিছুটা জবাব দিল। পুরো দলটাকে পেলে স্পেন যে আরও ভয়ংকর হয়ে উঠবে সেই হুমকিই যেন দিলেন ইনিয়েস্তা, ‘যদি কোচ এই দলটাইকেই বিশ্বকাপে খেলান অথবা যারা বাইরে আছে তাদের আনেন, দলটা আরও শক্তিশালী হবে।’ হুয়ান মাতার কণ্ঠেও ইনিয়েস্তার প্রতিধ্বনি, ‘আমাদের দলে সব ধরনের খেলোয়াড় আছে। এটাই স্পেন দলের সৌন্দর্য, এখানে অনেক বিকল্প।’ ওয়েবসাইট।
স্পেনের বিশ্বকাপ দল
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, পেপে রেইনা, ডেভিড ডি গিয়া
ডিফেন্ডার: সার্জিও রামোস, জেরার্ড পিকে, জর্ডি আলবা, জাভি মার্টিনেজ, সিজার আজপিলিকুয়েতা, রাউল আলবিওল, হুয়ানফ্রান
মিডফিল্ডার: জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস্ক ফ্যাব্রিগাস, জাবি আলোনসো, ডেভিড সিলভা, কোকে, সান্তিয়াগো কাজোরলা, হুয়ান মাতা
ফরোয়ার্ড: পেদ্রো রদ্রিগেজ, ডিয়েগো কস্তা, ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেস