কস্তা স্পেনেই খেলবেন, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল, না স্পেন? শেষ পর্যন্ত জন্মভূমিকে ছেড়ে ডিয়েগো কস্তা দ্বিতীয়টাকেই বেছে নিলেন। পরশু স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে কস্তার সম্মতি। তবে নিয়মতান্ত্রিক জটিলতায় এখনই স্পেনের হয়ে খেলতে পারছেন না। কোচ ভিসেন্তে দেল বস্ক বিশ্বকাপ বাছাইয়ের দলে তাই কস্তাকে রাখেননি।
জন্ম ব্রাজিলে, বেড়ে ওঠাও সেখানে। হলুদ-নীল জার্সি পরে দুটি ম্যাচও খেলেছেন। কিন্তু স্পেনের নাগরিকত্ব পাওয়ার পরই কস্তা আভাস দিয়েছিলেন, খেলতে চান লা রোজাদের হয়ে। এখনই না এলেও সেই সুযোগটা যে শিগগিরই আসবে সেটা একরকম নিশ্চিত। বেলারুশ ও জর্জিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পাননি। কিন্তু দেল বস্কের কথায় কস্তা আশাবাদী হতেই পারেন, ‘কোথায় জন্ম হবে সেটার ওপর কারও হাত নেই। জাতীয় দলের (স্পেন) হয়ে খেলার জন্য যেসব বাধা ছিল সেগুলো সে পার করেছে। এটা তার প্রাপ্য হলে আশা করি তাকে আমরা সঙ্গে পাব।’
দেল বস্ক অবশ্য জানিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে নিয়েছে। ফিফার কালক্ষেপণের কারণেই আপাতত চাইলেও কস্তাকে পাচ্ছেন না। কাল সংবাদ সম্মেলনে অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকারের প্রশংসাও করেছেন, ‘আমি ডিয়েগোর সঙ্গে কথা বলেছি। আলোচনা ভালো হয়েছে। সে ভালো একটা ছেলে, মাঠে যেমন দেখেন তেমন আগ্রাসী নয়।’
তবে কস্তার আগ্রাসী রূপটাকেই বেশি করে চাইবেন দেল বস্ক। লিগে ৮ গোল করে কস্তা জানিয়ে দিয়েছেন মাঠে অন্তত ক্ষুধার অভাব নেই তাঁর। স্ট্রাইকার-সমস্যায় ভুগতে থাকা স্পেনের যে এমন একজনের খুব দরকার!
স্পেন দলে ফিরেছেন হুয়ান মাতা। তবে তাঁর চেলসি-সতীর্থ ফার্নান্দো তোরেস উপেক্ষিতই থেকে গেছেন। এএফপি।