কস্তাকে নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো কস্তাকে নিয়ে স্পেন-চিলি ম্যাচে মুখর ছিল টুইটার। স্পেন দলে ইনিয়েস্তা, পেদ্রো, বুসকেটস, ক্যাসিয়াস, জাবি আলোনসোর মতো তারকাদের ছাপিয়ে টুইটারে সবচেয়ে আলোচিত তিনিই। ব্রাজিলীয় বংশোদ্ভূত কস্তা ব্রাজিলের হয়ে না খেলে স্পেনকে বেছে নেওয়ায় আলোচিত-বিতর্কিত ছিলেন আগে থেকেই। এবারের বিশ্বকাপের দুটি ম্যাচে তাঁর নির্বিষ পারফরম্যান্স প্রশ্ন তুলে দিয়েছে স্প্যানিশ দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়েই। হল্যান্ড ও চিলির বিপক্ষে স্পেনের দুটি ম্যাচেই প্রতিপক্ষের ডি-বক্সে হাঁটাহাঁটি ছাড়া তাঁকে কার্যকর ভূমিকায় দেখা যায়নি। চিলির বিপক্ষে দুটি সহজ গোলের সুযোগও তিনি হেলায় হারিয়েছেন। সব মিলিয়ে তাঁর প্রতি ক্ষুব্ধ দর্শকেরা চিলির সঙ্গে ম্যাচের সময় টুইটারে সেই ঝালই মিটিয়েছেন। কস্তাকেন্দ্রিক প্রতিটি টুইটই ছিল তির্যক ও সমালোচনামুখর।
ক্যাসিয়াসকে নিয়েও আলোচনা কম হয়নি। টুইটে কস্তার পরই আলোচিত চরিত্র ক্যাসিয়াস। তাঁকে নিয়ে চলছে সেই পুরোনো আলোচনাই—খুব সম্ভবত জাতীয় দলের জার্সিটা তুলেই রাখতে হচ্ছে ক্যাসিয়াসকে।