কস্তাকে নিয়ে বিতর্ক চলছেই

জন্মভূমি ব্রাজিল ত্যাগ করে স্পেনের হয়ে খেলা উচিত হচ্ছে না ডিয়েগো কস্তার—লুইস ফেলিপে স্কলারি থেকে শুরু করে ব্রাজিলের অনেকেই বলেছেন কথাটা। এবার একই কথা বললেন আরেকজন। তবে তিনি ব্রাজিলীয় কেউ নন, স্প্যানিশ ফুটবলার ফার্নান্দো লরেন্তে।
জুভেন্টাস ফরোয়ার্ড লরেন্তের বক্তব্য, কস্তার অবস্থায় পড়লে তিনি কিছুতেই অন্য কোনো দেশের হয়ে খেলতেন না। বেছে নিতেন নিজের জন্মভূমিকেই, ‘আমি ওর জাগায় থাকলে জন্মভূমিকেই বেছে নিতাম। অবশ্য নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। কস্তা স্পেনে অনেক বছর কাটিয়েছে। আমাদের দল সম্পর্কে বেশ ভালো ধারণা আছে ওর। সবাই স্পেনের হয়ে খেলতে চায়। আমার মনে হয়, এ কারণেই জন্মভূমি ছেড়ে স্পেনকে বেছে নিয়েছে কস্তা। আমি একদম অবাক হইনি।’
কস্তা স্পেনে যোগ দেওয়ায় স্প্যানিশ কর্তৃপক্ষ স্বভাবতই খুশি। কোচ ভিসেন্তে দেল বস্ক এর প্রমাণও দিয়েছেন। দুটি প্রীতি ম্যাচের দলে রেখেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডকে। লরেন্তের অবশ্য খুব বেশি খুশি হওয়ার কারণ নেই। স্পেন দলে নিজের জায়গাটাই অনিশ্চিত হয়ে গেল তাঁর! দলে জায়গা পাওয়া না-পাওয়ার আশঙ্কার ব্যাপারটা পরোক্ষভাবে স্বীকারও করে নিয়েছেন ২৮ বছর বয়সী লরেন্তে, ‘অ্যাটলেটিকোর হয়ে এবারের মৌসুমের শুরু থেকে দারুণ খেলছে কস্তা। সে স্পেন দলে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই স্ট্রাইকারদের পুরো সজাগ থাকতে হবে। দলে জায়গা পাওয়াটা এখন আরও কঠিন হয়ে পড়ল।’
কস্তার জন্ম ব্রাজিলে, বেড়ে ওঠাও সেখানে। হলুদ-নীল জার্সি গায়ে দুটি ম্যাচও খেলেছেন। কিন্তু স্পেনের নাগরিকত্ব পাওয়ার পরই কস্তা আভাস দেন, খেলতে চান লা রোজাদের হয়ে। সেটাই সত্যি হতে চলেছে। ব্রাজিল অবশ্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। নাড়ির টান ভুলে ২৫ বছর বয়সী কস্তার স্পেনের হয়ে খেলার পরিকল্পনাকে গত মাসে ‘দেশের প্রতি অবজ্ঞা প্রকাশ’ বলে অভিহিত করেছিলেন স্কলারি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্রাজিলের কোচ হিসেবে ব্রাজিলের যেকোনো খেলোয়াড়কে দলে নেওয়ার আইনগত অধিকার তাঁর আছে। তাই তো কস্তার স্পেনের হয়ে খেলার আনুষ্ঠানিক আবেদন ফিফার কাছে পৌঁছানোর পরও তাঁকে দলে রাখেন স্কলারি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হোসে মারিও মারিনও বলেছিলেন, ‘কস্তা যেন স্পেনের হয়ে খেলতে না পারে, এ জন্য আইনগত সব ধরনের পদক্ষেপই নেবে ব্রাজিল।’ কিন্তু কোনো বাধাই কাজে আসেনি। স্পেনের হয়েই খেলতে চলেছেন কস্তা।
ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।