কস্তাকে নিয়ে স্পেন-ব্রাজিল টানাটানি

যা অনুমান করা হচ্ছিল, সেটাই যেন টায়টায় মিলে যাচ্ছে। নাড়ির টান ভুলে ডিয়েগো কস্তা যখন স্পেনের হয়ে খেলার পরিকল্পনা নিচ্ছেন, সেই সময় তাঁর দেশ ব্রাজিল বেঁকে বসেছে। দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকারকে কে হারাতে চায়? ব্রাজিলে জন্মানো কস্তার স্পেনের হয়ে খেলার আনুষ্ঠানিক আবেদন ফিফার কাছে পৌঁছানোর পরও তাঁকে ব্রাজিল দলে রেখেছেন লুইস ফেলিপে স্কলারি। এ নিয়ে ভালোই ঝামেলা বাধবে বলে মনে হচ্ছে। কস্তা কি পারবেন জন্মভূমি ব্রাজিলের ডাক অগ্রাহ্য করতে?
এর আগে দুটো প্রীতি ম্যাচ খেললেও ব্রাজিলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি কস্তা। ছয় বছর ধরে স্পেনে অবস্থান করা কস্তা এরই মধ্যে ওই দেশের নাগরিকত্বও পেয়েছেন। ফলে, স্পেনের হয়ে খেলার জন্য আইনগত কোনো বাধা নেই। ব্রাজিলের হয়ে সুযোগ পাচ্ছিলেন না বলেই কস্তা স্পেনকেই বেছে নিতে চেয়েছেন। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কও সবুজ সংকেত দিয়ে রেখেছেন।
কিন্তু স্কলারি এর আগে বলেন, ব্রাজিলের কোচ হিসেবে ব্রাজিলের যেকোনো খেলোয়াড়কে দলে নেওয়ার আইনগত অধিকার তাঁর আছে। কথাটা যে এমনি এমনি বলেননি, সেটাই স্কলারি বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলের পরবর্তী দুটো প্রীতি ম্যাচে কস্তাকে দলে ডেকে। আগামী ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে হন্ডুরাসের বিপক্ষে খেলবে ব্রাজিল। তিন দিন পর কানাডায় খেলবে চিলির বিপক্ষে।
লা লিগায় নয় ম্যাচে ১০ গোল করা কস্তা মেসি-রোনালদোকে টপকে স্প্যানিশ লিগের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগেও একমাত্র ম্যাচটিতে করেছেন জোড়া গোল। রাদামেল ফ্যালকাওয়ের অভাব বুঝতেই দিচ্ছেন না ২৫ বছর বয়সী স্ট্রাইকার। স্ট্রাইকার-সংকটে ভুগতে থাকা দেল বস্ক নিশ্চয়ই খুশি হবেন কস্তাকে দলে পেলে। কিন্তু স্পেনের মতো স্ট্রাইকার-সংকটে না থাকলেও ব্রাজিল কেন তাদের এই অস্ত্রকে হাতছাড়া করবে? কেন সেই অস্ত্রকে তুলে দেবে আগামী বিশ্বকাপে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী স্পেনের হাতে?
ঝামেলাটা গুরুতরই। এখন সিদ্ধান্তটি নিতে হবে কস্তাকেই।