কস্তাকে নিয়ে 'জটিল সমস্যা'য় অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো কস্তাকে খেলানো হবে কি না, বুঝে উঠতে পারছে না অ্যাটলেটিকো। ছবি: রয়টার্স
ডিয়েগো কস্তাকে খেলানো হবে কি না, বুঝে উঠতে পারছে না অ্যাটলেটিকো। ছবি: রয়টার্স

পুরো ফিট ছিলেন না। ম্যাচের আগের দিন খোদ ডিয়েগো সিমিওনি বলেছিলেন ডিয়েগো কস্তার খেলার সম্ভাবনা নিতান্তই ক্ষীণ। তবে ম্যাচটা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আর প্রতিপক্ষ বার্সেলোনা ছিল বলেই কস্তাকে নামিয়ে দিয়েছিলেন সিমিওনি। কিন্তু অ্যাটলেটিকো কোচের জুয়াটা কাজে লাগেনি। ৩০ মিনিটেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় কস্তাকে।
ডিয়েগো কস্তার বদলে মাঠে নামা আরেক ডিয়েগোর গোলে বার্সার মাঠে এগিয়েই গিয়েছিল অ্যাটলেটিকো। পরে নেইমার সমতা ফেরান। বার্সার মাঠে ১-১ ড্র নিয়ে ফেরাটাও অ্যাটলেটিকোর জন্য এগিয়ে থাকা। কালকের ফিরতি লেগ গোলশূন্য ড্র করতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে তারা। কিন্তু সিমিওনি ভালো করেই বোঝেন, এই ম্যাচ গোলশূন্য থাকার সম্ভাবনাই কম। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে তৃপ্তিতে ভোগার সুযোগ তাঁর নেই। এ কারণেই দলের বাজির ঘোড়াটাকে ফিরতি লেগে খুব করে চাইছেন এই আর্জেন্টাইন কোচ।
ওই ম্যাচের পর কস্তাকে সারিয়ে তোলার বিশেষ মিশনই যেন নিয়েছে অ্যাটলেটিকো। কস্তা দ্রুত সেরেও উঠছেন। কিন্তু স্প্যানিশ লিগে রিয়াল-বার্সার ছায়া থেকে বেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো এখনো সিদ্ধান্ত নিতে পারছে না, মৌসুমে ৪৩ ম্যাচে ৩৩ গোল করা কস্তাকে নামানো হবে কি না। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে যে অবস্থান করছে ক্লাব। এই ম্যাচে খেলিয়ে মৌসুমের বাকি সময়টার জন্য কস্তাকে হারিয়ে ফেলার ঝুঁকি নেওয়াটাও তো বোকামি। ফলে কস্তাকে খেলানো হবে কি হবে না, এ নিয়ে জটিল সমস্যায় পড়েছে মাদ্রিদের ক্লাবটি।

ইনজুরিতে পড়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আরদা তুরান। তুরান সেরে না উঠলে ডান উইংয়ে ডিয়েগো খেলবেন। আর কস্তার বদলে খেলার কথা আদ্রিয়ান লোপেজের। লিগে গত ম্যাচে দারুণ খেলা আদ্রিয়ান জানিয়েছেন, ‘আমি প্রস্তুত। যখন খেলতে হবে, তখন আমরা সবাইই প্রস্তুত। এই দলের জন্য যেকোনো সুযোগই গুরুত্বপূর্ণ, আর সেই সুযোগ লুফে নিতে আমরা তৈরি।’

চোট সমস্যায় ভুগছে বার্সাও। দলের নড়বড়ে রক্ষণভাগকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে আগেই ছিটকে পড়েছেন গোলরক্ষক ভিক্টর ভালদেস। প্রথম লেগের ম্যাচটিতে জেরার্ড পিকেও চোট নিয়ে মাঠ ছেড়েছেন। বার্সার দ্বিতীয় গোলরক্ষক পিন্টো এখন ঠিক আস্থার প্রতিমূর্তি হয়ে উঠতে পারেননি। তবে পিকের জায়গায় তরুণ ডিফেন্ডার মার্ক বার্ত্রা আশার গান শোনাচ্ছেন।

আশার গান শোনাচ্ছেন পিন্টোও। বার্সা গোলরক্ষক আশাবাদী, এই ম্যাচ জিতে শেষ চারে উঠবে তাঁর দলই। সূত্র: রয়টার্স।