কস্তাকে স্পেনের অভিনন্দন, ব্রাজিল বলছে দরকার নেই

এমন ভাগ্য খুব কমজনেরই হয়। অনেক কাঠখড় পুড়িয়েও যেখানে বিশ্বকাপ খেলার সুযোগ মেলে না অনেক বিশ্বসেরা ফুটবলারের, সেখানে ডিয়েগো কস্তার সামনে ছিল দুটি দেশের পক্ষে খেলার সুযোগ। তাঁকে নিয়ে ব্রাজিল আর স্পেনের রশি টানাটানিও কম হয়নি। সন্দেহ নেই, মধুর সমস্যাতেই পড়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার। শেষ পর্যন্ত জন্মভূমি বাদ দিয়ে বিশ্বকাপজয়ী স্পেনকেই বেছে নিয়েছেন কস্তা। ইতালির বিপক্ষে প্রীতিম্যাচে হয়তো অভিষেকও হয়ে যাবে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকারের।
এখন কস্তাকে ঘিরে দুই শিবিরে চলছে দুই রকমের আবহ। স্বাভাবিকভাবেই দুর্দান্ত ফর্মে থাকা কস্তাকে নিয়ে উচ্ছ্বাসই প্রকাশ করেছে স্পেন। আর ব্রাজিল শিবিরে বাজছে অভিমানী সুর। কস্তাকে ব্রাজিলের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পাহেইরা।
কয়েক দিন আগেই কস্তার দল অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিলেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস। এবারের মৌসুমে লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে তাঁরা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু আগামীকাল জাতীয় দলের হয়ে ইতালির বিপক্ষে তাঁরা খেলবেন কাঁধে কাঁধ মিলিয়েই। মাঠে নামার আগে সদ্যই দলে ডাক পাওয়া নতুন এই সতীর্থকে অভিনন্দনই জানিয়েছেন রামোস, ‘আমার মতে, কস্তা আমাদের জন্য অনেক ভালো কিছু করতে পারবে। ফুটবলটা সবাইকে একত্র করার জন্যই। বিচ্ছিন্ন করার জন্য নয়। আমরা এখন সতীর্থ হিসেবেই মাঠে নামব।’
কস্তাকে নিয়ে ব্রাজিল শিবিরের কথাটা অবশ্য শোনাচ্ছে আঙ্গুর ফল টকের মতোই। তাঁকে পাওয়ার জন্য একসময় মরিয়াই হয়ে গিয়েছিলেন ব্রাজিলের কোচ লুই ফেলিপ্পে স্কলারি। এমনকি আদালত পর্যন্ত যাওয়ার হুমকিও দিয়েছিলেন। ব্রাজিল যে স্ট্রাইকার সংকটে ভুগছে—এ কথাও কারও অজানা নয়। তার পরও কস্তাকে কোনো প্রয়োজন নেই বলেই মন্তব্য করেছেন পাহেইরা, ‘সে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে আমাদের সম্মান জানাতেই হবে। সে এখন আর ব্রাজিলিয়ান খেলোয়াড় না। সে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ব্রাজিল তাকে ছাড়াও ভালো খেলতে পারবে। চিন্তার কোনো কারণ নেই।’ কস্তাকে ভালো খেলোয়াড় হিসেবে স্বীকার করলেও তাঁকে না পাওয়ায় হাহুতাশ করারও কোনো মানে হয় না বলেই মনে করছেন পাহেইরা, ‘সে ভালো খেলোয়াড়। আমরা তাকে নিতেই চাইতাম কিন্তু এখন এটা ভেবে আমরা কান্নাকাটি করতে বসব না। তাকে ছাড়াও সবকিছু ঠিকঠাক চলবে।’