কস্তার মঞ্চে নায়ক পেদ্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সূচক গোলটি করার পর পেদ্রোর উল্লাস। পিছনে দাঁড়িয়ে দেখছেন কস্তা। ছবি: রয়টার্স
জয়সূচক গোলটি করার পর পেদ্রোর উল্লাস। পিছনে দাঁড়িয়ে দেখছেন কস্তা। ছবি: রয়টার্স

ক্যালদেরন স্টেডিয়ামে সবার চোখ ছিল ডিয়েগো কস্তার দিকেই। অনেক বিতর্কের পর ইতালির বিপক্ষে প্রীতিম্যাচেই স্পেনের জার্সি গায়ে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকারের। ম্যাচটা অনুষ্ঠিতও হয়েছিল তাঁর ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। কিন্তু চিরচেনা মাঠে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি কস্তা। তাঁর মঞ্চে নায়ক বনে গেছেন পেদ্রো। বার্সেলোনার এই ফরোয়ার্ডই করেছেন ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি।
নতুন সতীর্থদের সঙ্গে কস্তা মানিয়ে নিয়েছিলেন ভালোভাবেই। কিন্তু খুব বেশি জ্বলে উঠতে পারেননি। বেশির ভাগ সময় ছিলেন নিষ্প্রভ হয়েই। তবে স্পেনের পক্ষে প্রথম ম্যাচ খেলতে নামা এই স্ট্রাইকারের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন দেল বস্ক। স্প্যানিশ এই কোচ ম্যাচ শেষে বলেছেন, ‘সবাই নিজেদের সর্বোচ্চটাই দিয়েছে। ডিয়েগোও আর কিছু সময় গেলে আমাদের খেলার ধরনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। এই দলে এমন কোনো খেলোয়াড় নেই যে আমাদের খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্পেন। ৭০ শতাংশ সময়ই বলের দখল ছিল তাদের দখলে। তবে বারবার ইতালির গোলমুখে হামলা চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি ইনিয়েস্তা, ফেব্রিগাসরা। জয়সূচক গোলটির জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৩ মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধের এই সময়েই স্পেনের জয়সূচক গোলটি করেছিলেন পেদ্রো।
মারিও বালোতেল্লিসহ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় ছাড়াই স্পেনের মুখোমুখি হয়েছিল ইতালি। আন্দ্রেস পিরলোও মাঠে ছিলেন না শুরু থেকে। বদলি হিসেবে খেলেছেন শুধু দ্বিতীয়ার্ধে। কিন্তু স্পেন যে অনেক এগিয়ে ছিল সেটা স্বীকারই করে নিয়েছেন ইতালির কোচ সিজার প্রান্দেলি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা স্পষ্ট যে স্পেনই অনেক শক্তিশালী ছিল। আমি আমার খেলোয়াড়দের কাছ থেকে আরও বেশি কিছু আশা করছিলাম।’ তবে বিশ্বকাপ শুরুর আগ দিয়ে এসব দুর্বলতা কাটিয়ে ওঠা যাবে বলেই সবাইকে আশ্বস্ত করেছেন এই ইতালিয়ান কোচ, ‘বিশ্বকাপ শুরুর আগে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য এখনো কিছু সময় আছে। আমি খুব বেশি চিন্তিত নই, কারণ সবকিছু ঠিকঠাক করে নেওয়ার মতো সময় আমাদের হাতে আছে।’— রয়টার্স