কস্তার মধুর বিড়ম্বনা

এই মুহূর্তে লা লিগার সবচেয়ে বেশি গোল কার? লিওনেল মেসির সঙ্গে কিন্তু আরও একজন আছেন। নিশ্চয়ই ভাবছেন ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আবার কে? না, রোনালদো নন, নন পেদ্রো-ইসকোদেরও কেউ। মেসির সঙ্গে একই সঙ্গে এখন একসঙ্গে নাম নিতে হবে ডিয়েগো কস্তার। ছয় ম্যাচে সাত গোল করে এই মুহূর্তে যৌথভাবে লা লিগার শীর্ষ গোলদাতা অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার।
হঠাৎ কস্তাকে নিয়ে পড়ার কারণ, মধুর একটা বিড়ম্বনায় পড়েছেন তিনি। তাঁর এখন ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা। ব্রাজিল না স্পেন, কোন দেশের হয়ে খেলবেন এই সিদ্ধান্ত নেওয়া তো সহজ ব্যাপার নয়। একটি ইতিহাসের সফলতম দল, অন্যটি সাম্প্রতিক কালের সেরা। সেই দুই দলই এখন চাইছে কস্তাকে। এমন ভাগ্য কজনের হয়!
দুই বছর আগেও একরকম অজ্ঞাতকুলশীল কস্তা এখন অ্যাটলেটিকো মাদ্রিদের আক্রমণভাগের সারথি। গত দুই মৌসুম ফ্যালকাওয়ের ছায়ায় ঢাকা পড়ে ছিলেন বটে, কিন্তু বলার মতো কীর্তিও ছিল। ৮ গোল করে গত মৌসুমের কোপা দেল রেতে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। আর এবার তো ডেভিড ভিয়াকে আড়াল করে পাদপ্রদীপের সবটুকু জুড়েই আছেন।
২৪ বছর বয়সী স্ট্রাইকারের জন্ম, বেড়ে ওঠা সবই ব্রাজিলে। ক্যারিয়ারের শুরু বার্সেলোনায়। না, মেসির বার্সেলোনা নয়, এই বার্সেলোনা সাও পাওলোর একটা ক্লাব। সেখান থেকে পাড়ি জমান পর্তুগালের ব্রাহায়। এরপর ২০০৭ সালে চলে আসেন অ্যাটলেটিকোতে। তখনো খুব বড় কিছু হয়ে ওঠার প্রতিশ্রুতি সেভাবে দেখা যায়নি। ডিয়েগো সিমিওনে অ্যাটলেটিকোর কোচ হয়ে আসার পরই যেন বদলে যান কস্তা।
মজার ব্যাপার, কস্তা কিন্তু এরই মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে চড়িয়েছেন। গত মার্চেই ইতালি ও রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য কস্তাকে ডেকেছিলেন লুইস ফেলিপে স্কলারি। ইতালির বিপক্ষে বদলি হিসেবে নেমেওছিলেন। এরপর অবশ্য উপেক্ষিতই। ডাক পাননি কনফেডারেশনস কাপেও।
গত জুলাইতেই পেয়ে গেছেন স্পেনের নাগরিকত্ব। স্প্যানিশ দৈনিক এল পাইস জানিয়েছে, কস্তাকে স্পেনের হয়ে খেলানোর জন্য প্রয়োজনীয় দালিলিক কাজও সেরে রেখেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কস্তা এখনো চূড়ান্ত কিছু জানাননি। কিন্তু ব্রাজিলিয়ান ওয়েবসাইট ল্যান্সকে বলেছেন, ‘দেল বস্ক বললে আমি কীভাবে না করতে পারি! তবে আমি সেই দলটাকেই বেছে নেব, যেখানে খেলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’ মনে হচ্ছে, পূর্বসূরি মার্কোস সেনার পথেই হয়তো হাঁটতে যাচ্ছেন। ব্রাজিলে জন্মানো সেনা আন্তর্জাতিক ফুটবল খেলেছেন স্পেনের জার্সি গায়ে।
তবে কস্তার স্পেনের হয়ে যাওয়ার সম্ভাবনাটাই ক্ষুব্ধ করে তুলেছে স্কলারিকে। তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ফিফাকে, ‘ফিফা সম্ভবত ৪০, ৫০ বা ৬০-এর দশকে ফিরে যাচ্ছে। তখন মাজ্জোলা (সান্দ্রো) ব্রাজিল ও ইতালির হয়ে খেলেছিলেন। ডি স্টেফানো খেলেছিলেন আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেনের হয়ে। পুসকাস হাঙ্গেরি ও স্পেনের হয়ে। আমি যদি ভুল না করি পারজিনহোও। এক বা দুই বছরের মধ্যে এখন একটা দেশ সম্ভবত ২০ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে দল দাঁড় করিয়ে ফেলবে। আমি একটু অবাকই।’
কস্তার পথ ধরে ভবিষ্যতে আরও ব্রাজিলিয়ান প্রতিভাকে হারানোর ভয় থেকেই কি কথাগুলো বললেন স্কলারি! ওয়েবসাইট।