কস্তার রোমাঞ্চ ও চ্যালেঞ্জ
জন্মভূমির হয়ে বিশ্বকাপ খেলাটা প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন। সেই দেশটা যদি হয় ব্রাজিল, তা হলে তো কথাই নেই। কিন্তু ডিয়েগো কস্তা স্বপ্নটাকেই বদলে ফেলেছেন। একজন ব্রাজিলিয়ান হলেও বিশ্বকাপে তিনি খেলবেন শিরোপা লড়াইয়ে ব্রাজিলের অন্যতম প্রতিদ্বন্দ্বী স্পেনের হয়ে।
গত বছরের মার্চেই ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ইতালির বিপক্ষে। খেলেছেন রাশিয়া ম্যাচেও। বছর ঘুরে আরেক মার্চে সেই কস্তারই অভিষেক হলো স্পেনের হয়ে। কাকতালীয়ভাবে তাঁর এই দ্বিতীয় অভিষেকও ইতালির বিপক্ষে।
শুধু জাতীয় দল পাল্টানো নয়, গত কয়েক বছরে আসলে কস্তার জীবনের গতিটাই গেছে বদলে। ১৬ বছর বয়স পর্যন্তও খেলতেন ব্রাজিলের রাস্তায়। ২০০৬ সালে মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন পর্তুগালের ক্লাব ব্রাহায়। পরের বছরই ঠিকানা হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে বেশির ভাগ সময়ই ধারে এ ক্লাবে-ও ক্লাবে খেলা কস্তার ‘কস্তা’ হয়ে ওঠা গত মৌসুমে। রাদামেল ফ্যালকাওয়ের সঙ্গে জুটি বেঁধে করেন ২০ গোল। ফ্যালকাওয়ের অনুপস্থিতিতে এ মৌসুমে উড়ছেন। তাঁর কাঁধে চড়েই অ্যাটলেটিকো ১৮ বছর পর লিগ শিরোপার কাছাকাছি, চ্যাম্পিয়নস লিগ জয়েরও স্বপ্ন দেখছে৷ ক্লাবের ব্যস্ততার মধ্যেও কস্তার একটা চোখ বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপ নিয়ে একদিকে যেমন রোমাঞ্চিত, আবার অন্য রকম চ্যালেঞ্জের জন্যও প্রস্তুত৷ অন্য দেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় দল পাল্টানো ভালোভাবে নেয়নি ব্রাজিলিয়ানরা। কস্তাও জানেন, ব্রাজিলিয়ানরা ঘৃণাই বরাদ্দ রেখেছে তাঁর জন্য। মাঠে নামলেই দুয়ো শুনতে হবে। কস্তা আগেই তাই প্রস্তুত করে রাখছেন নিজেকে৷ গ্যালারিতে যাই হোক, মনোযোগ থাকবে শুধুই মাঠে। স্পেনকে পৌঁছে দিতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
স্পেনের খেলোয়াড়েরাও এরই মধ্যে আপন করে নিয়েছেন তাঁকে। মার্চে ইতালি ম্যাচের আগেই যেমন বার্সেলোনা ডিফেন্ডার জর্ডি আলবা বলেছিলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যাকে আমি ভালোবাসি।’
ব্রাজিলের মতো স্পেনের হয়েও অভিষেকে আলো ছড়াতে পারেননি। তবে ২৫ বছর বয়সী স্ট্রাইকার প্রমাণ করেছেন স্পেন জাতীয় দলের টিকি-টাকা দর্শনের সঙ্গে তিনি মানিয়ে নিতে সক্ষম। যদিও এটি অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতি-আক্রমণনির্ভর ‘পাওয়ার’ ফুটবলের উল্টো। কস্তার গুণমুগ্ধ স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। কস্তাকে দলে নিয়ে তাই বলেছিলেন, ‘ওর ব্যাপারটা অন্য রকম। জন্ম ব্রাজিলে। কিন্তু ফুটবলার হিসেবে এখানেই ও বেড়ে উঠেছে এবং ও ওর ক্লাবের হয়ে প্রমাণ করেছে যে আমাদের সঙ্গে আসাটা ওর প্রাপ্য। এ কারণেই আমি ওকে দলে ডেকেছি।’
কস্তার ক্লাব কোচ ডিয়েগো সিমিওনে আত্মবিশ্বাসী, বিশ্বকাপে কস্তা হবেন স্পেনের চাবিকাঠি, ‘ব্রাজিলে সেই হবে স্পেনের সেরা অস্ত্র। অন্যদের চেয়ে সে হবে আলাদা।’
দুর্দান্ত ফর্ম তো আছেই, বিশ্বকাপে কস্তার ওপর আলাদা দৃষ্টি থাকবে ‘নিজ দেশে পরদেশি’ হয়ে যাওয়ার কারণেও৷ এএফপি।