কস্তার স্পেন দলে যাওয়া অবৈধ: ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো কস্তা
ডিয়েগো কস্তা

ডিয়েগো কস্তাকে নিয়ে ব্রাজিল আর স্পেনের মধ্যে দড়ি টানাটানিটা শুরু হয়েছে পুরোদমেই। স্পেনের হয়ে অভিষেকের প্রহর গুনতে থাকা কস্তাকে ইতিমধ্যে ব্রাজিল দলেও ডেকেছেন কোচ লুইস ফেলিপে স্কলারি। অন্যদিকে স্পেনও অ্যাটলেটিকো মাদ্রিদের এই প্রতিভাবান স্ট্রাইকারটিকে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শেষ পর্যন্ত সমাধানে আসার জন্য বিষয়টি যদি আদালত পর্যন্তও গড়ায়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ব্রাজিলের ফুটবল ফেডারেশন বেশ স্পষ্টভাবেই জানিয়েছে, কস্তার স্পেন দলে যাওয়াটা অবৈধ।

২০০৭ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে স্পেনেই আছেন কস্তা। ইতিমধ্যে স্পেনের নাগরিকত্বও পেয়ে গেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার। আর এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবারই নজর কেড়ে নিয়েছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। আগামী বিশ্বকাপে স্পেনের জার্সি গায়ে খেলার প্রস্তাবও দেওয়া হয়েছে তাঁকে।

কিন্তু তেমনটা হলে সেটা অবৈধ হবে বলেই মনে করছে ব্রাজিল। এ ব্যাপারে ইতিমধ্যেই স্পেনের ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সভাপতি হোসে মারিয়া মারিন। তিনি বলেছেন, ‘সভাপতি ভিলারের সঙ্গে আমার কথা হয়েছে। আর আমি তাঁকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে, ফেলিপে তাকে বিশ্বকাপের জন্য নির্বাচন করতে চায়। আমরা মনে করি, কস্তাকে নিয়ে স্পেনের পদক্ষেপটা হবে একেবারেই অবৈধ।’

স্পেন অবশ্য পুরো ব্যাপারটিই ছেড়ে দিয়েছে কস্তার সিদ্ধান্তের ওপর। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক ম্যাচে একটি দেশের হয়ে খেলার পর অন্য কোনো দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাবেন না কোনো ফুটবলার। এ বছরের শুরুতে ব্রাজিলের জার্সি গায়ে দুটি ম্যাচ খেলেছেন কস্তা। কিন্তু সেগুলো ছিল প্রীতি ম্যাচ। এখনো পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি ব্রাজিলের প্রতিনিধিত্ব করেননি।