কাঁটার মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিহার তাহলে কখনো কখনো গলার ফাঁসও হয়ে যায়!ধোঁয়াশা মনে হচ্ছে? ‘মণিহার’-এর বদলে ‘ফেবারিট’ পড়ুন, আর মনে করুন পরশু রাতের স্পেন-সুইজারল্যান্ড ম্যাচটি। সব পরিষ্কার হয়ে গেছে তো!গত কিছুদিন স্প্যানিশ খেলোয়াড়দের মুখে সবচেয়ে বেশি কোন কথাটা শুনেছেন, বলুন তো! ভাষার রকমফের থেকেছে, তবে ঘুরিয়ে-ফিরিয়ে কথা একটাই—‘দোহাই লাগে, আমাদের ফেবারিট বলবেন না।’উল্টো রথে যাত্রাই! বিশ্বকাপে এসে সব দল যেখানে নিজেদের ফেবারিট বলে প্রমাণ করতে চায়, স্পেন চাইল উল্টোটা!এই ‘মণিহার’ যে হয়ে গিয়েছিল নিদারুণ অস্বস্তি! এটি ‘পরতে গেলে লাগে’! ‘ছিঁড়তে গেলে বাজে’, তার পরও ছিঁড়ে ফেলার চেষ্টাই করে গেছে ওরা। কিন্তু ‘এই মণিহার আমায় নাহি সাজে’ বলার কোনো উপায় ছিল না। গত বছর দুয়েকের পারফরম্যান্সে ফেবারিটের স্বীকৃতিটা যে স্পেনকেই বেশি সাজছিল।সেই স্পেন প্রথম ম্যাচেই ধরাশায়ী। সেটিও কোন দলের বিপক্ষে? সুইজারল্যান্ড! গত ১০টি বিশ্বকাপের মাত্র দুটির চূড়ান্ত পর্বে উপস্থিতি ছিল যাদের। ৮৫ বছরের দ্বৈরথের ইতিহাসে যাদের বিপক্ষে স্পেনের পরাজয়ের ঘটনা নেই। তা স্পেন সুইজারল্যান্ডের কাছে হারল, নাকি ওই ‘ফেবারিট’-এর ভারে? মনে হচ্ছে দ্বিতীয়টিই।স্পেন বিশ্ব ফুটবলের এক প্রহেলিকা। ক্লাব পর্যায়ে অবিশ্বাস্য সাফল্য। জাতীয় দলের ভাঁড়ার প্রায় শূন্য। ‘ডার্ক হর্স’ হয়ে বিশ্বকাপে এসেছে অনেকবার। প্রাপ্তি বলতে ‘চিরন্তন কোয়ার্টার ফাইনালিস্ট’ খেতাব! ২০০৮ ইউরো জয়টাকে ধরা হচ্ছিল নতুন যুগের সূচনা। দীর্ঘ অপ্রাপ্তির অপেক্ষা ঘোচানোর শুরু। কিন্তু প্রত্যাশার চাপটাও যে সঙ্গী হয়ে গেল সেই থেকে। ট্রফি জিতলেই হূদয় জেতা যায় না। ২০০৪ সালে গ্রিসও তো ইউরো জিতেছিল। যেটির কথা উঠলে এখনো ‘ছ্যা ছ্যা, ওই খেলা খেলে চ্যাম্পিয়ন’ রব ওঠে। স্পেন ট্রফির সঙ্গে জিতেছিল হূদয়ও। বলের ওপর খেলা, পাসের বৈচিত্র্যে মাঠে ফুল ফোটানো—গত দু-তিন বছরে স্পেনের খেলা দেখা মানেই ছিল ফুটবল-সৌন্দর্যে অবগাহন। শুধু দর্শকদের নয়, প্রতিপক্ষেরও! থিয়েরি অঁরির কথা মনে পড়ছে। গত মার্চে ফ্রান্সকে এক প্রীতি ম্যাচে ২-০-তে হারাল স্পেন। ম্যাচের পর হতবুদ্ধি ফরাসি অধিনায়ক বলেছিলেন, ‘ওদের পা থেকে তো বলই নেওয়া যায় না!’র‌্যাঙ্কিং, সাম্প্রতিক পারফরম্যান্স, বিশ্বকাপ রেকর্ড মিলিয়ে ব্রাজিলকে ফেবারিট বলতেই হতো। প্রায় সব বিশ্বকাপেই বলতে হয়। কিন্তু এবার স্পেনকে যোগ না করে উপায় ছিল না। দুই দলের জন্য এর প্রভাবটা বোধহয় পুরো বিপরীতই হলো। বেকেনবাওয়ার না কে যেন বলেছিলেন, ‘বিশ্বকাপে ফেবারিট মর্যাদা না পেলে ব্রাজিলিয়ানরা অশান্তিতে ভোগে।’ আর সেটিই উল্টো অশান্তিতে ফেলল স্পেনকে।বড় টুর্নামেন্টে ব্যর্থতার দীর্ঘ ইতিহাস মানসিক বাধার যে দেয়াল দাঁড় করিয়ে দিয়েছিল, তা ভেঙে যাওয়ার কথা ছিল ২০০৮ ইউরো জয়ে। কিন্তু সেটির যে উল্টো প্রতিক্রিয়াও আছে। এর আগে স্পেন বিশ্বকাপে এসেছে নির্ভার হয়ে, ‘ওদের দৌড় জানা আছে, শেষ পর্যন্ত ওরা তো পারবে না’ শুনতে শুনতে। আর এবার? স্পেনের ওপর রাজ্যের আলো। সেই আলোতেই বোধহয় চোখ ঝলসে গেল জাভি-ইনিয়েস্তা-ভিয়াদের।সুইজারল্যান্ড-দুঃস্বপ্নের পর জেরার্ড পিকের প্রতিক্রিয়াটা জেনে খুব মজা লাগল। পরাজয়ের একটা ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার—‘এখন নিশ্চয়ই আমাদের কেউ ফেবারিট বলবে না!’কনফেডারেশনস কাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছিল স্পেন, এর পর এই সুইজারল্যান্ড। গত দুই বছরে স্পেন আর কোথায় হারল, সেটিই তো মনে করতে পারছি না।এই দুটি পরাজয়কে ‘দুর্ঘটনা’ ধরাই ভালো। স্পেনের বিশ্বকাপ তো এখনো শেষ হয়ে যায়নি। চিলি আর হন্ডুরাস দুই দলকেই হারিয়ে হয়তো দ্বিতীয় রাউন্ডেও উঠবে ওরা। কিন্তু বিশ্বকাপ জয়? সে জন্য লিখতে হবে নতুন ইতিহাস। বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচেই হারার পর কোনো দলের শিরোপা জেতার ইতিহাস নেই। ফাইনালে ওঠার ঘটনাও আছে একটিই—১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনা।কাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই আর্জেন্টিনার পারফরম্যান্স হয়তো একটু উপকারই করল স্পেনের। ‘ফেবারিট’-এর কাঁটার মালাটা বোধহয় গলা বদল করে ফেলল!