কাঁদলেন, কাঁদালেন
নিজে অঝোরে কাঁদলেন। কাঁদলেন মা। কাঁদলেন বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন। তাঁদের কাঁদতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি উপস্থিত অনেকেই। এ কাঁদা আনন্দের। দীর্ঘদিনের বঞ্চনার পর বড় কিছু পাওয়ার। এ কাঁদা দীর্ঘশ্বাসের পর হঠাৎ প্রাপ্তির। দীর্ঘ প্রতীক্ষার পর মাহফুজা খাতুন শিলা জলে রচনা করলেন ইতিহাস। পেলেন বড় স্বীকৃতি। এস এ গেমসে সাঁতারে তিনি একটি নয়, দুটি স্বর্ণ এনেছেন দেশের জন্য। দেশকে নিয়ে গেলেন এক অন্যতম উচ্চতায়।
তাঁর এ প্রাপ্তির পথ কখনই মসৃণ ছিল না। ঘরে-বাইরে প্রাণান্তকর লড়াই করতে হয়েছে তাঁকে। অভাবী পিতা যেখানে ছেলে-মেয়ের দু-বেলার খাবার জোগাড়ে ব্যস্ত, সেখানে ছোট শিলার ছোট ছোট স্বাদ মেটাবেন কী করে? সংগ্রাম করেই তাই মাহফুজা খাতুন শিলাকে বড় হতে হয়েছে। আধুনিক সমাজের জৌলুসতা তিনি শুধু দুর থেকে তাকিয়ে দেখতেন। অনুভব করতেন। কিন্তু উপভোগ করতে পারেননি। বরং বারবার জলে নামার জন্য তাঁকে মায়ের বকুনি ও পিটুনি সহ্য করতে হয়েছে। অভাবের তাড়নায় বিক্রি করতে হয়েছে শিশু একাডেমি থেকে সাঁতারে পাওয়া দুটি পদকের সোনা।
আবার জাতীয় সাঁতার ফেডারেশনেও তিনি ছিলেন অবহেলিত। সাফল্যের পরিচয় বারবারই দিয়েছেন তিনি। সর্বশেষ জাতীয় সাঁতারে এসএ গেমসের রেকর্ড টাইমিং টপকেছিলেন। তারপরও তাঁকে অলিম্পিকে পাঠানো হয়নি। এমনকি প্রশিক্ষণের জন্য তাঁকে বিদেশেও পাঠানো হতো না। তাঁর চেয়ে পেছনে থাকা সতীর্থরা যখন বিদেশে যেতেন, তখন তিনি চেয়ে চেয়ে দেখতেন। কাঁদতেন বোবা হয়ে। আর সে কান্না ধারণ করতেন অন্তরে। কঠিন গ্রানাইট শিলার ন্যায়। কিন্তু যার জীবনের পরতে পরতে সংগ্রামে ঠাসা, কর্মকর্তাদের তাচ্ছিল্য তাঁকে একটুও দমাতে পারেনি। বোবা কান্না ঠিকই আগ্নেয়গিরির ন্যায় অগ্ন্যুৎপাত ঘটাল। ছাই চাপা আগুনের মতোই সাঁতারে জ্বলে উঠলেন শিলা। একহাত নিলেন কর্মকর্তাদের। বুঝিয়ে দিলেন শিলা তো একদিন না একদিন বারুদ হয়ে জ্বলে ওঠে।
তাঁর সাফল্যের আনন্দে আজ তাই এলাকাবাসী আত্মহারা। গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যখন মাহফুজা বাড়ির আঙিনায় পৌঁছান, তখন অঝোরধারায় তিনি কাঁদতে শুরু করলেন। অনেকক্ষণ ধরে চোখের পানি রুমাল দিয়ে মুছছিলেন। কথা বলতে গিয়ে বলতে পারছিলেন না। থেমে থেমে বললেন, ‘সবার সহযোগিতায় আমি আজ এ অবস্থানে আসতে পেরেছি। আমার অর্জন নওয়াপাড়াবাসীর অর্জন, গোটা দেশের অর্জন।’ তৈরি হয় এক অভূতপূর্ব পরিবেশ। বাড়িতে তখন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো মানুষের ভিড়। কেউ এসেছেন চেনা মুখকে নতুন করে আবিষ্কার করতে, কেউ বা এসেছেন তাঁকে স্বাগত জানাতে। তাঁর চোখ পানি দেখে নিস্তব্ধতায় ভরে ওঠে পুরো এলাকা। ভারী হয়ে ওঠে বাতাস। সৃষ্টি হয় আবেগ-ঘন পরিবেশ।
এর আগে বিকেল ৩টায় তিনি ঢাকা থেকে যশোরে পৌঁছালে সেখানে তাঁকে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর বিকেল ৫টার সময় প্রেমবাগ মোড়ে এবং সোয়া ৫টার দিকে পাঁচকবর এলাকায় পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এলাকাবাসী ও কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী এবং বাদকদল ঢোল-ঢাকর পিটিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
মাহফুজার আগমন উপলক্ষে যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে তোরণ। নওয়াপাড়ায় বিভিন্ন রাস্তায় পাশে সাঁটানো হয়েছে ব্যানার, প্লাকার্ড ও পতাকা। এদিকে মাহফুজাকে সংবর্ধনা জানাতে অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার সময় নওয়াপাড়া শংকর পাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁতে সংবর্ধনা দেওয়া হবে।
চৈতন্য কুমার পাল