কাঁদলেন পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুহাতে ভর দিয়ে রাখা মাথা। জলে ভেজা চোখ। পরশু প্রিটোরিয়ার আদালতে এভাবেই ভেঙে পড়েছিলেন অস্কার পিস্টোরিয়াস। কৃত্রিম দুটি পা নিয়ে দৌড়ে বিশ্ব মাতানো এই অ্যাথলেটের হাতে কীভাবে খুন হলেন তাঁর বান্ধবী রিভা স্টিনক্যাম্প, আদালতে তখন সেই বর্ণনা দেওয়া হচ্ছিল।
গত বছরের বিশ্ব ভালোবাসা দিবসে চমকে ওঠার মতো খবরটি এসেছিল—বান্ধবীকে খুন করেছেন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। গত লন্ডন অলিম্পিকে সুস্থ-সবল অ্যাথলেটদের সঙ্গে দৌড়ে সাড়া ফেলে দেওয়া পিস্টোরিয়াস স্বীকারও করে নিয়েছিলেন অঘটনটা তাঁর হাতেই হয়েছে। তবে শুরু থেকেই এও বলে আসছেন ওই খুন মোটেও তাঁর ইচ্ছাকৃত ছিল না। ঘরে অনুপ্রবেশকারী ঢুকেছে, এমন ধারণা করেই গুলি করেছিলেন। তাতেই এ দুর্ঘটনা।
আলোচিত সেই মামলার বিচারকাজ শুরু হয়েছে গত সোমবার প্রিটোরিয়ার আদালতে। চলছে সাক্ষ্য-প্রমাণ নেওয়া। প্রথম দিন নিজেকে নির্দোষ দাবি করেছেন পিস্টোরিয়াস। এরপর সাক্ষ্য দিয়েছেন প্রতিবেশীরা। একজন বলেছেন তিনি গুলির শব্দ শুনেছেন, এরপরই শুনেছেন মহিলা কণ্ঠের রক্ত হিমকরা চিৎকার। আরেক প্রতিবেশী বলেছেন ঘটনার কয়েক ঘণ্টা আগে পিস্টোরিয়াসের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ এসেছিল তাঁর কানে।
দ্বিতীয় দিন তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোট চারটি গুলি করেছেন পিস্টোরিয়াস। তিনটি লেগেছে স্টিনক্যাম্পের শরীরে। শেষ গুলিটি মাথায় লাগামাত্রই মারা যান স্টিনক্যাম্প।
কাল তৃতীয় দিনে সাক্ষী এক বক্সারের দাবি, ঘটনার মাস খানেক আগে এক রেস্তোরাঁয় অন্যের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন পিস্টোরিয়াস। কেউ হতাহত না হলেও গুলি চালানোর দায়টা আগ্নেয়াস্ত্রের মালিককেই নিতে বলেছিলেন ২৭ বছর বয়সী এই অ্যাথলেট। এএফপি, ওয়েবসাইট।
শুনানি চলবে ২০ দিন। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে পিস্টোরিয়াসের।