কাঁদলেন ফ্রান্সের ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিল থেকে জটিলতর হতে থাকা পরিস্থিতিতে খোদ ফরাসি ক্রীড়ামন্ত্রী রোজেলিন বাশেলট উড়ে গেছেন দক্ষিণ আফ্রিকায়। কাল নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে ফ্রান্স দলের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে মুখোমুখি হয়েছিলেন বাশেলটের। সেখানে মন্ত্রীর বক্তব্য শুনে ফ্রান্সের ফুটবলাররা নাকি আবেগে কেঁদেই ফেলেছেন!পুরো জাতিকে বিশ্বের সামনে খাটো করেছেন ফুটবলাররা, বাশেলট এটাকে ‘নৈতিক বিপর্যয়’ আখ্যা দিয়ে বলেছেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, সম্ভবত ওরা এখন থেকে আর আমাদের সন্তানদের হিরো হিসেবে বিবেচিত হবে না। বলেছি, তোমরা তোমাদের বন্ধু-স্বজন, তোমাদের সমর্থকদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছ। ফ্রান্সের ভাবমূর্তি তোমরা ধুলোয় লুটিয়েছ।’১৭ জুন মেক্সিকোর কাছে হেরে যাওয়ার পর ঝামেলার শুরু। ওই ম্যাচে নিকোলাস আনেলকা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কোচ রেমন্ড ডমেনেখকে। শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কার করা হয় এই স্ট্রাইকারকে। কিন্তু প্রতিবাদে পুরো ফ্রান্স দল রোববার অনুশীলন বয়কট করে। ফ্রান্স দলের ওপর আগে থেকেই অসন্তুষ্ট পুরো দেশ এ ঘটনায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।দেশের মানুষের সেই বার্তা খেলোয়াড়দের কাছে পৌঁছে দিয়ে বাশেলট বলেছেন, ‘আমি ওদের জানিয়ে দিয়েছি, আগে যে সম্মানটা তারা পেত, তেমনটা আর কখনোই পাবে না।’ ম্যাচের পরাজয় নয়, খেলোয়াড়দের আচরণেই দেশের মানুষ বেশি কষ্ট পেয়েছে বলেও জানিয়েছেন তিনি, ‘ফ্রান্সের ফুটবল একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। না, আমরা একটা ম্যাচ হেরে গেছি বলে নয়। এটা নৈতিক বিপর্যয়।’খেলোয়াড়দের সঙ্গে এই বৈঠক খুবই ‘আবেগঘন’ ছিল বলে মন্তব্য করেছেন বাশেলট। বলেছেন, ‘ওরা আমার বক্তব্যে করতালি দিয়েছে, কিন্তু ওদের চোখে ছিল অশ্রু।’ এএফপি।