কাইজারকে 'লাল কার্ড'
খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ডের অধিকারী বেকেনবাওয়ার। খেলোয়াড়ি জীবনে লাল কার্ড পাওয়ার ঘটনা তেমন নেই। তবে ৬৮ বছর বয়সে এসে যে লাল কার্ডটি পেলেন বেকেনবাওয়ার, তাতে ফুটবল-বিশ্ব তোলপাড় । বেকেনবাওয়ারকে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে তাৎক্ষণিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। কাতারকে ২০২২ বিশ্বকাপের ভেন্যু পাইয়ে দিতে কোনো দুর্নীতি করেছেন কি না, এই তদন্তে অসহযোগিতা করেছেন, এমনটাই অভিযোগ ফিফার। তদন্ত কমিটির প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক কেন্দ্রীয় সরকারের আইনজীবী মাইকেল গার্সিয়ার রিপোর্টের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘কাইজার’ এতে হতবাক, ‘কেন এমনটা হলো, আমি সত্যিই জানি না। খবরটা শুনেই আমি আগে তারিখটা দেখে নিই । ভেবেছিলাম, এটা এপ্রিল ফুল কি না।’ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই জার্মানিতে সর্বজনশ্রদ্ধেয়। ফিফার সাময়িক নিষেধাজ্ঞায় ব্রাজিলে বিশ্বকাপ দেখতে যাওয়াটা তাঁর জন্য সম্মানের কিছু হতো না । তাই সিদ্ধান্ত নিয়েছেন, ব্রাজিলে যাবেন না । এমনিতে ঠিক করে রেখেছিলেন ব্রাজিলে বিশ্বকাপের দর্শক হবেন সেমিফাইনাল থেকে। এএফপি, রয়টার্স।