কাইজারের পর ক্লোসাও
ম্যাচের পর জয়ী দলের খেলোয়াড়েরা প্রায়ই বিজিত দলের পাশে গিয়ে দাঁড়ান। ব্যথিত হূদয়ে একটু সান্ত্বনা দিতে দু-একটি কথা বলেন। কিন্তু ফুটবলের খাতিরে ইংল্যান্ড-জার্মানির যে সম্পর্ক, তাতে সান্ত্বনা দেওয়ার আশা করাটাই তো মিছে!তা সান্ত্বনা না-ই দিল। তাই বলে দফায় দফায় লবণ না ছিটালেই কী নয়? ইংলিশদের কাটা ঘায়ে নুনের প্রথম ছিটাটা ম্যাচের পর পরই দিয়েছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এবার তাতে সুর মেলালেন ক্লোসা।বললেন, বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতার কারণ, টিম স্পিরিটে ঘাটতি এবং সমন্বয়ের অভাব। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানির কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইংল্যান্ড। ম্যাচে ক্লোসাই প্রথম খুলেছিলেন গোলের মুখ। যেন ইংল্যান্ডের ব্যর্থতার কারণ খুঁজে বের করার গুরুদায়িত্বটাও তাঁরই, ‘তাদের খেলোয়াড়দের দিকে লক্ষ করলে দেখবেন, তারা বিশ্বমানের। কিন্তু খেলতে হবে একটা দল হিসেবে। আমার মনে হয় না ইংল্যান্ড এটা পেরেছে।’ইংল্যান্ড ম্যাচের গোলটি ছিল জার্মানির জার্সি পরে ক্লোসার ৫০তম গোল। এখন আরও দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ক্লোসা। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল হবে তাঁর শততম ম্যাচ। এ ছাড়া বিশ্বকাপে এখন তাঁর গোল ১২টি। আর ৩টি হলেই ছুঁয়ে ফেলবেন রোনালদোর সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড, চারটি হলে তো ছাড়িয়েই যাবেন। ঠিক এই সময়ই কিনা বাতাসে গুঞ্জন, বিশ্বকাপের পরই অবসরে যাবেন ক্লোসা। তবে এটাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিলেন ক্লোসা, ‘যত দিন আমার পা চলবে, আমি ফুটবল খেলার চেষ্টা করে যাব।’ এএফপি।