কাইজারের বাজির ঘোড়া রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ কীভাবে জিততে হয়, সেটা তাঁর চেয়ে ভালো খুব কম লোকই জানে। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন কোচ হিসেবে। সেই ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবার বাজি ধরছেন ইংল্যান্ডের পক্ষে। ইংল্যান্ডের আগে অবশ্য তিনি ওয়েন রুনির ভক্ত।ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে ওয়েন রুনি যা করছেন, তাতে রুনির পক্ষে বাজি ধরতে বেকেনবাওয়ার না হলেও চলে। চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ লিগ ও কাপ মিলিয়ে এখন পর্যন্ত এই মৌসুমে গোল করেছেন ৩৩টি, তার মধ্যে গত ৮ ম্যাচেই ১১ গোল। ২০০৬ বিশ্বকাপে মিডিয়ায় তোলপাড় তুলে জার্মানি গিয়েছিলেন রুনি। শেষ পর্যন্ত অবশ্য হতাশ করেছেন। কিন্তু বেকেনবাওয়ারের ধারণা, এবার রুনি আর হতাশ করবেন না, ‘সে এখন তার ক্যারিয়ারের যেকোনো সময়ের চেয়ে ভালো খেলোয়াড়। শুধু ইংল্যান্ড কেন, যেকোনো জায়গাতেই ক্লাবের হয়ে ৩৩ গোল করাটা সহজ নয়। যদি এভাবে গোল পেতে থাকে, ও ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতবে।’জার্মানি বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান বেকেনবাওয়ার বর্তমানে তেল আবিবে, গেছেন উয়েফা কংগ্রেস উপলক্ষে। সেখানেই তাঁকে কথা বলতে হয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নকে নিয়ে। রুনির কারণে তাঁর বাজিটা ইংল্যান্ড। স্পেন, ব্রাজিলকেও রেখেছেন তালিকায়।তবে বেকেনবাওয়ারের দুই নম্বর দল এবার আর্জেন্টিনা। কারণ ওই দলেও বর্তমান সময়ের একজন দুর্দান্ত খেলোয়াড় আছে। লিওনেল মেসির কথা স্মরণ করিয়ে দিলেন ‘কাইজার’, ‘আমার ধারণা স্পেন, ব্রাজিলের সঙ্গে ইংল্যান্ডও এবার অন্যতম ফেবারিট হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে। এবং অবশ্যই আর্জেন্টিনাও থাকবে ফেবারিটের তালিকায়। কারণ তাদের একজন লিওনেল মেসি আছে। রুনি আর মেসি বর্তমান বিশ্বের সেরা দুই খেলোয়াড়। ওরা একেবারেই অন্যরকম। মেসি খুবই দ্রুতগতির আর ওর কল্পনাশক্তি দুর্দান্ত। আবার রুনি খুবই শক্তিশালী। কিন্তু রুনি নিজের খেলার সবচেয়ে উন্নতি ঘটিয়েছে।’মনে হতেই পারে কাইজার রুনির ফুটবলে পুরোপুরি মজে গেছেন। বারবার ঘুরেফিরে বলেছেন রুনি প্রসঙ্গে, ‘ও নিজের খেলার ধরনটা একেবারেই বদলে ফেলেছে। এই ২৪ বছর বয়সেই খেলায় দারুণ পরিণত। ডিফেন্ডারদের জন্য ওকে মার্ক করাটা খুব কঠিন বানিয়ে ফেলেছে। দুই উইং থেকে আসা ক্রসই সমানে কাজে লাগাতে পারে।’ওয়েন রুনি এতটাই ভালো খেলছেন যে, বেকেনবাওয়ার একটু ভয়ও পাচ্ছেন। সেই ভয়টা নিজের দল বায়ার্ন মিউনিখকে নিয়ে। বায়ার্নের সম্মানসূচক সভাপতি বেকেনবাওয়ার ভয় পাচ্ছেন, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানইউয়ের হয়ে রুনি না তাঁর দলকে উড়িয়ে দেয়, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ও স্রেফ দুর্দান্ত খেলছে। আমি অবশ্যই স্বীকার করছি, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আমরা যখন ম্যানইউয়ের মুখোমুখি হব, বায়ার্ন অবশ্যই ভয়ে থাকবে।’১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এই ম্যানইউয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই প্রতিশোধ নেওয়ার স্বপ্ন এখনো দেখেন বেকেনবাওয়ার, যদিও ভয়ে ভয়ে। রয়টার্স।