কাইয়ুম কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করেনি পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ১০ বছর আগে ক্রিকেটে ম্যাচ পাতানো বিতর্ক যখন প্রথম মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই নিজ দেশের ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখতে এক সদস্যবিশিষ্ট কমিশন গঠন করেছিল পাকিস্তান। ওই তদন্ত কমিশনের প্রধান ছিলেন লাহোর হাইকোর্টের একজন অভিজ্ঞ বিচারপতি, মালিক মোহাম্মদ কাইয়ুম। ওই কমিশন ম্যাচ গড়াপেটার অভিযোগ তদন্ত করে অভিজ্ঞ ব্যাটসম্যান সেলিম মালিক ও পেসার আতাউর রেহমানকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সুপারিশ করে। সেই সঙ্গে কমিশন পাকিস্তানি ক্রিকেটারেরা ভবিষ্যতে যেন কখনোই ক্রিকেট জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট হতে না পারেন, সে ব্যাপারে কিছু নির্দিষ্ট সুপারিশও করেছিল।আজ প্রায় ১০ বছর পর পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে নতুন করে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে যখন গোটা ক্রিকেটবিশ্বে তোলপাড়, ঠিক তখনই মালিক কাইয়ুম কমিশনের সেসব সুপারিশ নতুন করে আলোচনায় চলে এসেছে।তবে বিচারিক কার্যক্রম থেকে সম্পূর্ণ নিজেকে গুটিয়ে বর্তমানে অবসর জীবন যাপন করা কাইয়ুম বলেছেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে তিনি যেসব সুপারিশ করেছিলেন, তা কখনোই বাস্তবায়িত হয়নি।মালিক কাইয়ুম ক্রিকেটের কেউ না হলেও আজ থেকে ১০ বছর আগে পাকিস্তান ক্রিকেটের ম্যাচ পাতানো বিতর্ক তদন্তে এই খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘সেই কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছিল, সেগুলো যদি বাস্তবায়িত হতো, তাহলে পাকিস্তানের ক্রিকেটকে বর্তমান কেলেঙ্কারির মুখোমুখি হতে হতো না।’তিনি বলেন, সেই প্রতিবেদনে প্রত্যেক ক্রিকেটারের আয়-ব্যয়ের পূর্ণ হিসাব বছর শেষে নেওয়ার সুপারিশ করা হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সুপারিশটির পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেনি। তিনি এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দায়ী করে বলেন, হয়তো এই সুপারিশটি বাস্তবায়ন করার মতো যথেষ্ট সত্ সাহস ক্রিকেট বোর্ডের ছিল না।তিনি কমিশনের ওই প্রতিবেদনটি সম্পর্কে বলেন, ‘আমি সেই প্রতিবেদনটি যথেষ্ট যত্ন নিয়ে তৈরি করেছিলাম। প্রতিবেদনটি তৈরি করতে আমার প্রায় দুই বছর সময় লেগেছিল। ৫২ জন খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে আমি তখন কথা বলেছিলাম। তাঁরা সবাই তখন আমাকে বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ গড়াপেটা, পাতানো খেলা, জুয়া যাই বলি না কেন সেগুলো পুরোমাত্রায় রয়েছে।’সবশেষে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সেবার পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস বাতিল করে দেওয়ার চিন্তাভাবনাও করেছিল। দ্য ডন।