কাউকে জড়িয়ে ধরা যাবে না, পোশাকে সংযত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুশিতে ডগমগ হয়ে কাউকে জড়িয়ে ধরা বা চুমু দেওয়া যাবে না। সংক্ষিপ্ত পোশাক পরা যাবে না। ধর্ম নিয়ে কোনো আলোচনা চলবে না। গণশৌচাগারের সংখ্যা সীমিত ও নোংরা, তাই নিজের প্রয়োজনে সঙ্গে টিস্যু রাখতে হবে! কারও বাড়িতে প্রবেশ করতে গেলে জুতা খুলে প্রবেশ করতে হবে—ভারতে আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমসের আগে পর্যটকদের প্রতি এসব নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি।কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, কোনো নারী বা উঠতি বয়সী কোনো মেয়েকে পশ্চিমা দেশগুলোয় যেভাবে অভিবাদন জানানো হয়, ভারতে এসে একইভাবে অভিবাদন জানানো চলবে না। ভারতের নিজস্ব একটা সংস্কৃতি আছে। প্রকাশ্যে জড়িয়ে ধরা বা চুম্বন করা এখানে সমর্থন করা হয় না।পোশাক বিধি সম্পর্কে বলা হয়েছে, ভারতীয় রীতিতে মার্জিত পোশাক গুরুত্বপূর্ণ। স্থানীয় সংস্কৃতিকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। উপাসনালয় বা কোনো ধর্মীয় জায়গায় গেলে ট্রাউজার বা ফুলহাতা জামা পরিধান করতে হবে। কাঁধ ঢেকে রাখতে হবে, শিখদের মন্দিরে গেলে মাথা ঢেকে রাখতে হবে।কারও বাড়িতে নিমন্ত্রণে যাওয়ার ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, কেউ আপনাকে বাড়িতে নিমন্ত্রণ করলে এক বোতল মদের সঙ্গে অবশ্যই ফুলের তোড়া অথবা অন্তত এক বাক্স মিষ্টি বা বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসতে হবে। কারও বাড়িতে প্রবেশ করার সময় সাধারণত জুতো খুলতে হয়, কোনো আসবাবপত্রের ওপর পা দেওয়া এখানে খারাপ আচরণ হিসেবে গণ্য করা হয়।খাওয়া ও বাইরের আলোচনাবিষয়ক নির্দেশনায় বলা হয়েছে, রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে, স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করা যাবে। তবে ধর্ম নিয়ে আলোচনা থেকে বিরত থাকতে হবে। ভারতীয় রীতি অনুযায়ী হাত দিয়ে খেতে চাইলে মনে রাখতে হবে, বাঁ-হাত দিয়ে খেলে এখানে অভদ্রতা হিসেবে বিবেচনা করা হয়।অলম্পিক কমিটির ১৮টি বিভিন্ন ধরনের নির্দেশনা থেকে উঠে এসেছে ভারতের শৌচাগার ব্যবস্থাও। জানানো হয়েছে, গণশৌচাগারের সংখ্যা সীমিত ও নোংরা। হোটেল, রেস্টুরেন্টের ভেতরে বা বাইরে ভালো শৌচাগারের ব্যবস্থা খুব কম জায়গায়ই রয়েছে। নিজের প্রয়োজনে সঙ্গে টিস্যু রাখতে হবে!—টাইমস অব ইন্ডিয়া