কাউকে না পেয়ে ভ্লার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইনালডমকে সান্ত্বনা দিচ্ছেন ফন গাল l রয়টার্স
ভাইনালডমকে সান্ত্বনা দিচ্ছেন ফন গাল l রয়টার্স

রন ভ্লার প্রথম পেনাল্টি নিতে আসার সময়ই অনেকের ভুরু কুঁচকে গিয়েছিল। ইংলিশ ফুটবলের গলি-তস্য গলিতে যাঁদের বিচরণ, তাঁরা জানেন অ্যাস্টন ভিলার ডাচ ডিফেন্ডার নিয়মিত পেনাল্টি নেন না। পরিসংখ্যান জানাচ্ছে, গত চার বছরে নেননি একটাও। তার ওপর প্রথমটা থেকে গোল করা খুবই গুরুত্বপূর্ণ, নির্ভরযোগ্য কাউকে দিয়েই তো সেটা নেওয়ানোর কথা। ভ্লার কেন?
প্রশ্নটা তোলা যে যথাযথ সেই উত্তর দিয়ে দিলেন ভ্লার নিজেই। দুর্বল শটটা ঠেকিয়ে দিতে কোনো সমস্যাই হলো না আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর। হল্যান্ডের ওপর চাপটা আরও জেঁকে বসল তাতে, আর রোমেরো পেলেন অফুরান আত্মবিশ্বাস। সেই ভেলায় ভেসে পরে ঠেকিয়ে দিলেন স্নাইডারের দুর্দান্ত পেনাল্টিও।
আগের দিন টিম ক্রালের ফাটকা কাজে লেগেছিল দারুণ। অথচ পরশু ডাচ কোচ লুই ফন গালের কৌশল নিয়ে বিস্তর সমালোচনা। ভ্লারকে দিয়েই কেন নেওয়ালেন? ফন গালের যুক্তি, ‘আমি ভ্লারের আগে আরও দুজনের সঙ্গে কথা বলেছিলাম। এরপর আমি ওর কাছে যাই। আমার মনে হয়েছিল তার আত্মবিশ্বাস ছিল। কারণ সে ছিল মাঠে আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড়। কিন্তু দিন শেষে দেখা গেল পেনাল্টি শুটআউট থেকে গোল দেওয়া সহজ নয়।’
অথচ কোস্টারিকার সঙ্গে আগের ম্যাচেই কী দারুণ পেনাল্টি নিয়েছিলেন ফন পার্সিরা। ফন গালের আফসোসও এখানেই, ‘আগের ম্যাচে পেনাল্টি থেকে পাওয়া জয় আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছিল। কোস্টারিকার সঙ্গে আমরা দুর্দান্ত পেনাল্টি নিয়েছিলাম।’ কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকার একটা ভাগ্যপরীক্ষাই। প্রতিদিন কি আর তাতে বরমাল্য জোটে? এই বিশ্বকাপের আগে কখনোই টাইব্রেকারে জিততে পারেনি হল্যান্ড। কোস্টারিকার সঙ্গে মনে হচ্ছিল সেই ভূতটা নেমে গেছে। এক ম্যাচ পরেই সাও পাওলোতে আবার সেই ভূত। ফন গালের শোকস্তব্ধ প্রতিক্রিয়া, ‘পেনাল্টিতে হেরে যাওয়ার চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। আমরা ওদের চেয়ে ভালো না হই, অন্তত ওদের সমান ছিলাম। এটা বিশাল এক হতাশা।’
ভ্লার, ফন গাল তো বটেই, পরশুর হতাশা অনেক দিন পোড়াবে ডাচদেরই! বিবিসি স্পোর্টস।